পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভ্যাটিকানের এক শুভেচ্ছা বাণীতে শান্তি ও মৈত্রী প্রতিষ্ঠায়, বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে খ্রিষ্টান ও মুসলিমদের হাতে হাত মিলিয়ে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ব ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান আধ্যাত্মিক গুরু পোপের পক্ষে ভ্যাটিক্যানের আন্তধর্মীয় সংলাপ পরিষদের প্রেসিডেন্ট কার্ডিন্যাল জ্যাঁ লুইস তুরান এ শুভেচ্ছা ও আহ্বান জানান। তিনি বলেন, ‘বিশ্বমানব পরিবারের মাঝে পুনর্মিলন, ন্যায্যতা, শান্তি ও উন্নয়ন আনয়নে আমরা যেন সমবেতভাবে কাজ করি। পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের সঙ্গে একত্রিত হয়ে আমরা আপনাদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র ঈদের আনন্দ, শান্তি ও মিলন আপনাদের জীবনকে অনাবিল শুভ্রতায় ভরিয়ে তুলুক এই প্রার্থনাই করছি।’
শুভেচ্ছা বাণীতে বলা হয়, বর্তমান পৃথিবী অনেক কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যথার্থভাবে এ চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য মানবহিতৈষী পক্ষ শক্তিগুলোকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। চ্যালেঞ্জগুলো হচ্ছে পরিবেশ ধ্বংস ও বিপর্যয়, বৈশ্বিক, অর্থনৈতিক দুরবস্থা এবং মারাত্মক বেকার সমস্যা। আর এগুলোই বৃহত্তর যুবগোষ্ঠীর মধ্যে হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু, মানবজাতিকে এক গভীর অনিশ্চয়তা ও হতাশার মধ্যে ঠেলে দিচ্ছে। পারিবারিক দ্বন্দ্ব-ভাঙন, প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্নতা ও শিশুদের প্রতি অবহেলা এগুলো তাই প্রকট রূপ ধারণ করেছে।
ভ্যাটিকানের আশাবাদ, ‘আমাদের মধ্যকার বিদ্যমান ভ্রাতৃত্বের ওপর ভর করে প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে কাজ করার জন্য যেন এগিয়ে আসি। এভাবেই দ্বন্দ্ব ও উত্তেজনা নিরসনে কাজ করতে পারি। মানব মঙ্গল ও কল্যাণ সাধনে এগিয়ে আসতে পারি। সমবেতভাবে সাক্ষ্য দিতে পারি যে প্রতিটি ধর্মই মানব মৈত্রী-কল্যাণ-শান্তি প্রতিষ্ঠায় এক সুন্দর উৎস।’ বিজ্ঞপ্তি।