শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন আদিবাসী-বাঙালির সেতুবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী ও বাঙালিদের ঐক্য বা সেতুবন্ধের মধ্য দিয়েই দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব। আদিবাসীদের সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত করতে পারলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ আদিবাসী ফোরাম এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের দেশে কিছু লোক আছেন, যাঁরা নিরাপত্তার চশমা দিয়ে আদিবাসীদের দেখার কথা ভাবেন। কিন্তু তাঁরা জানেন না, আদিবাসী-বাঙালির ঐক্যের মধ্য দিয়েই নিরাপত্তা জোরদার করা সম্ভব।’
সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের দাবি জানিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘এই ভূমি কমিশন গঠন এবং ভূমি সমস্যার সমাধান করা আমাদের জাতীয় দায়িত্ব।’
সমাবেশে সভাপতির বক্তব্যে আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, বাংলাদেশের সরকার বোবা-কালা হয়ে গেছে, তাঁরা চোখেও দেখতে পান না। ৪৩ বছর ধরে আদিবাসীরা সরকারের কাছে তাদের ন্যায্য অধিকারের জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু সব আবেদন-নিবেদন তারা উপেক্ষা, অবহেলা ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
এর আগে সমাবেশের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মানার ঘোষণা আছে। জাতিসংঘ বিভিন্ন দলিলে “আদিবাসী” শব্দটি ব্যবহার করেছে। সেই “আদিবাসী” শব্দটি যদি ব্যবহার না করা হয়, তবে আমরা ধরে নেব, আন্তর্জাতিক আইনের একটি ধারা লঙ্ঘন।’
প্রবীণ রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য বলেন, যে বাংলাদেশে সংখ্যালঘু-আদিবাসীরা নির্যাতিত হবে আর মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, তা হয় না। তিনি বলেন, ‘সাংবাদিকদের “আদিবাসী” বলতে নিষেধ করে দেওয়া হয়েছে। আমি “আদিবাসী” বলব, চিরদিন বলব৷ এ জন্য যা করতে হয় তা-ই করব।’
শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত করা মুক্তিযুদ্ধের মতোই একই পবিত্র দায়িত্ব ও কর্তব্য।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সঞ্চালনায় সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল এসকজের, নাট্যকার মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির প্রমুখ বক্তব্য দেন।