শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, সমাজে মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মহান বুদ্ধ সারাটি জীবন একটি স্নেহময়ী ও শান্তিপূর্ণ¯বিশ্ব প্রতিষ্ঠায় সমতা ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। বুদ্ধের অহিংস বাণীর আবেদন এখনো সমাজে রয়েছে।
বৌদ্ধ সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল শনিবার বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ কথা বলেন।
আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং দেশের সব ধর্মের লোক নিজ নিজ ধর্ম পালন করছেন। এটি আমাদের উজ্জ্বল ঐতিহ্য। আমি মনে করি, বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা এই ঐতিহ্য বজায় রেখে এবং মহান বুদ্ধের আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়নে তাঁদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।’
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান, বৌদ্ধধর্মের নেতা, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি এবং বৌদ্ধ সম্প্রদায়ের পেশাজীবীরা যোগ দেন।