শান্তি প্রতিষ্ঠায় যোগাযোগের সুযোগ কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব দেশ ও সমাজের মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে নিরাপদ যোগাযোগ ব্যবস্থাকে ‘কৌশলগত সুযোগ’ হিসেবে কাজে লাগাতে হবে। গতকাল ১১তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনের (আসেম) পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সম্মেলনে শেখ হাসিনা বলেন, যোগাযোগ এখন আর কোনো একক দেশের বিষয় নয়। বর্তমানে যোগাযোগব্যবস্থা সবার জন্য কৌশলগত সম্ভাবনা ও সুযোগে পরিণত হয়েছে। ‘আসেমের ২০ বছর: যোগাযোগের মাধ্যমে আগামী দিনের অংশীদারত্ব’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে শেখ হাসিনা বলেন, টেকসই, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন ও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে যোগাযোগকাঠামোর রূপরেখা কী হবে, তা তৈরি করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসেমের দেশগুলো নতুন প্রবৃদ্ধির কেন্দ্র ও সংযোগস্থলে পরিণত হচ্ছে। দীর্ঘদিনের পরিচিত বাণিজ্য ও শিল্প অংশীদারেরা এখন নতুনদের জন্য পথ করে দিচ্ছে। আমাদের অর্থনীতিতে উৎপাদন ও সেবা খাতে ধারাবাহিক ও দায়িত্বশীল বাণিজ্য ব্যবস্থাপনা গড়ে উঠছে এবং পারস্পরিক আঞ্চলিক কর্মকাণ্ডে আঞ্চলিক ও বৈশ্বিক পণ্য বিপণন ব্যবস্থাপনাও (সাপ্লাই চেইন) সম্প্রসারিত হচ্ছে।’
যথাযথ মান এবং সংহতি, বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সমতার মতো নীতির ভিত্তিতেই সব উন্নয়ন উদ্যোগ গ্রহণ করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যোগাযোগ সংযোগের ফলে বিপুল সুযোগ সৃষ্টি হবে এবং জনগণের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটবে। আরও সক্ষমতা ও নতুন অংশীদারত্বের জন্য আমাদের গুরুত্বের সঙ্গে সম্পদের অনুসন্ধান করা প্রয়োজন।’
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে বহুমুখী যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) এবং বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ই-সেবায় বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, অভিন্ন জাতীয় ই-পোর্টালের সঙ্গে যুক্ত দেশব্যাপী ৫ হাজার ৩০০ ডিজিটাল সেন্টার। প্রায় ৪৩ হাজার সরকারি অফিস এই ই-পোর্টালের অধীনে। ৪৫ লাখ লোক ৭০টিরও বেশি ই-সেবা গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করেন, বিশেষ করে সংযোগবিষয়ক আসেম ওয়ার্কিং গ্রুপ আরও বৃহত্তর ফল নিয়ে আসবে।
প্রধানমন্ত্রী দুই দিনব্যাপী এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার উলানবাটোরে পৌঁছান। তিনি সাংগ্রি-লা হোটেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট তাজখিয়াজিন এলবেগদোরজ তাঁকে স্বাগত জানান।
আসেমভুক্ত ৫১টি দেশ—৩০টি ইউরোপীয় ও ২১টি এশীয় দেশ এবং দুটি আন্তসরকার সংগঠনের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে ১১টি দেশের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩টি দেশের প্রধানমন্ত্রী, ১৬ জন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপিয়ান কাউন্সিল ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট এবং অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের সেক্রেটারি জেনারেল অংশ নিচ্ছেন। উদ্বোধনী অধিবেশনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক, মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারি ম্যাককিউলি বক্তৃতা করবেন।
আজ শনিবার ‘এনহান্সিং দ্য থ্রি পিলার অব আসেম’ শীর্ষক অবকাশকালীন বৈঠক হওয়ার কথা রয়েছে। এই অধিবেশনেই বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে সন্ত্রাস দমন ও অভিবাসনের মতো বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে। পরে আসেমের ভবিষ্যৎ করণীয় বিষয়ে ‘উলানবাটোর’ ঘোষণার মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।