বান্দরবানের বোমাং রাজা উ চ প্রু চৌধুরী বলেছেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শান্তি। বান্দরবানের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গতকাল শুক্রবার বান্দরবান জেলা শহরের পুরোনো রাজবাড়ি মাঠে আয়োজিত বোমাং রাজপুণ্যাহ সভায় বার্ষিক ভাষণে এ কথা বলেন তিনি।
জুমিয়া আদিবাসীদের কাছ থেকে খাজনা বা জুম আদায়ের জন্য প্রতিবছর এ রাজপুণ্যাহ উৎসব অনুষ্ঠিত হয়। শত বছরের ঐতিহ্যবাহী এ উৎসব ঘিরে
বান্দরবান এখন আদিবাসী-বাঙালি, দেশি-বিদেশি পর্যটকের মিলনমেলায় পরিণত হয়েছে। চার দিনব্যাপী রাজপুণ্যাহ ও পুণ্যাহ মেলা গতকাল থেকে শুরু হয়েছে।
রাজাকে খাজনা দেওয়ার জন্য বোমাং সার্কেলের ১০৯ জন হেডম্যান (মৌজাপ্রধান) ও কয়েক শ কার্বারি (পাড়াপ্রধান) রাজবাড়িতে সমবেত হয়েছেন। বান্দরবান জেলা ও রাঙামাটির রাজস্থলী উপজেলা নিয়ে বোমাং সার্কেল।
রাজপুণ্যাহ সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর। আরও বক্তব্য দেন রাজপুত্র চহ্লাপ্রু জিমি, আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাশৈপ্রু চৌধুরী ও তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানরা।
শিক্ষার উন্নয়নে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বোমাং রাজা বলেছেন, উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। অনগ্রসর বান্দরবানকে উন্নয়ন করতে হলে প্রিতটি পাড়াগ্রামে প্রাথমিক বিদ্যালয়, উপজেলা সদরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। রাজা জুম খাজনাসহ পার্বত্য অঞ্চলে ভূমি রাজস্ব বাড়ানোর জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজপরিবারের সদস্যরা বলেছেন, রাজপুণ্যাহর দ্বিতীয় দিনে আজ শনিবার হেডম্যান-কার্বারি সম্মেলন হবে। এতে বান্দরবান বোমাং সার্কেলের সমস্যা-সংকট এবং ভূমি দখল ও পাড়া উচ্ছেদ নিয়ে আলোচনা করা হবে বলে হেডম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উনিহ্লা মার্মা জানিয়েছেন।