শান্তি মিশনে কন্টিনজেন্টের নেতৃত্বে নারী

বাংলাদেশ সেনাবাহিনীতে ইতিহাসের অংশ হয়েছেন কর্নেল ডা. নাজমা বেগম। প্রথম নারী হিসেবে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একটি কন্টিনজেন্ট কমান্ডারের দায়িত্ব পেয়েছেন। তাঁর নেতৃত্বে একটি চিকিৎসা দল শনিবার রাতে ঢাকা থেকে আফ্রিকার আইভরি কোস্টে গিয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, ৫৬ সদস্যের এই দলে মোট ছয়জন নারী আছেন। তাঁরা আইভরি কোস্টে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি হাসপাতালে সাধারণ মানুষ ও কর্মরত সেনা কর্মকর্তাদের চিকিৎসাসেবা দেবেন। এর আগে নাজমা বেগম সেনাবাহিনীতে প্রথম নারী অধিনায়ক হিসেবে ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সের নেতৃত্ব দেন এবং মেডিকেল সার্ভিসের সহকারী পরিচালক (এডিএমএস) হিসেবে ২১ পদাতিক ডিভিশনে (বগুড়া সেনানিবাস) কর্মরত ছিলেন।
নাজমা বেগমের বাড়ি নীলফামারী শহরে। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন নীলফামারী সরকারি বালিকা বিদ্যালয় ও নীলফামারী কলেজ থেকে। এরপর পড়াশোনা করেন রংপুর মেডিকেল কলেজে। ১৯৯৩ সালে নাজমা বেগম সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন।