শান্তি মিশনে ঘুম ভেঙে প্রশান্তির অনুভূতি
সকাল ছয়টায় ঘুম ভাঙল মোরগের ডাকে। ঘর থেকে বেরিয়ে সামনের খোলা চত্বরে দেখি, কয়েকটি মোরগ-মুরগি নুড়ি ঠোকরাচ্ছে। গাছে গাছে পাখিদের কিচিরমিচির। আকাশের দিকে তাকিয়ে মনে হলো ঠিক যেন ঢাকারই আকাশ; বৃষ্টি হবে হবে ভাব, কিন্তু হচ্ছে না।
নুড়ি-কাঁকরময় লাল মাটি, থোকা থোকা হলদে ফুল নিয়ে ঝোপালো কড়ই আর বেগুনি ফুলে ফুলময় জারুল, আম, পামসহ আরও নানা গাছগাছালি; অদূরে ঘন সবুজ উপত্যকা পেরিয়ে অনুচ্চ পাহাড়ের সারি আর জলভরা মেঘময় আকাশের নিচে এই দেশের নাম লাইবেরিয়া। ঢাকা থেকে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে আফ্রিকা মহাদেশের পশ্চিম কিনারে আটলান্টিক মহাসাগরের তীরের ছোট্ট দেশ: দু-দুটি গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। ২০০৪ সাল থেকে জাতিসংঘ শান্তি মিশনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা কাজ করছেন এখানে। তাঁদের কর্মকাণ্ডের প্রভাব দেখতে ১৩ জুন সন্ধ্যায় এখানে এসে পৌঁছেছি বাংলাদেশ সেনাবাহিনীর এক মূল্যায়ন দলের (মিশন অ্যাসেসমেন্ট টিম-ম্যাট) সঙ্গে। ১২ সদস্যের এ দলে সংবাদমাধ্যমের কর্মী চারজন।
‘ইউনাইটেড নেশনস (জাতিসংঘ)’ লেখা ধবধবে সাদা এক বিমানে চেপেছিলাম ১২ জুন ঢাকার সময় রাত সাড়ে ১১টায়। বিমানভর্তি বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরা সদস্য; মূলত তাঁদের জন্যই এ বিশেষ বিমান। তাঁরা লাইবেরিয়া পৌঁছালে একই বিমানে ফিরে যাবেন অন্যরা, যাঁরা এত দিন সে দেশে কর্তব্যরত ছিলেন।
লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনের অবসান ঘটবে আগামী বছর। গৃহযুদ্ধ শেষ হয়েছে অনেক আগেই; ইতিমধ্যে দুটি মেয়াদে শান্তিপূর্ণ নির্বাচনও হয়ে গেছে।
অবশ্য ১৯৮০ সালের আগ পর্যন্ত এ দেশে অশান্তি ছিল না। ১৮২০ সালে আমেরিকান কলোনাইজেশন সোসাইটি সে দেশের মুক্ত কৃষ্ণাঙ্গ দাসদের লাইবেরিয়া পাঠিয়ে এখানে গড়ে তোলে আমেরিকান উপনিবেশ। লাইবেরিয়া পৃথিবীর বিরল দুটি দেশের একটি, যেখানে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে ঔপনিবেশিক শৃঙ্খলে বাঁধে কৃষ্ণাঙ্গরাই। অন্যটি ইথিওপিয়া। ১৮৪৭ সালে অবশ্য আমেরিকা ঔপনিবেশিক শাসনের অবসান ঘটায়। তখন থেকেই লাইবেরিয়া স্বাধীন দেশ: একটি ইউনিটারি প্রেসিডেনশিয়াল কনস্টিটিউশনাল রিপাবলিক।
যুক্তরাষ্ট্রের সংবিধানের হুবহু অনুকরণে প্রণীত হয়েছে লাইবেরিয়ার সংবিধান। এর আইনসভাও যুক্তরাষ্ট্রের মতো দ্বিকক্ষবিশিষ্ট। রাষ্ট্রের নির্বাহী প্রধান প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরোর নামে এ দেশের রাজধানীর নাম রাখা হয়েছে মনরোভিয়া। লাইবেরিয়ার জাতীয় পতাকাও হুবহু যুক্তরাষ্ট্রের পতাকার মতোই, পার্থক্য শুধু—পতাকায় তারা আছে মাত্র একটি। এ দেশের মুদ্রার নামও ডলার (লাইবেরিয়ান)। এক ডজনের বেশি গোত্রে বিভক্ত এ দেশের জনগোষ্ঠী; সবচেয়ে বড় গোত্রটি মোট জনসংখ্যার ২০ শতাংশের সামান্য বেশি।
৪৩ হাজার বর্গমাইলের এ দেশটির লোকসংখ্যা মাত্র ৩৭ লাখ। এর দক্ষিণে আটলান্টিক মহাসাগর, উত্তরে গিনি। পুবে আইভরি কোস্ট আর পশ্চিমে সিয়েরা লিওন। দাপ্তরিক ভাষা ইংরেজি; শিক্ষিত-নিরক্ষরনির্বিশেষে অধিকাংশ মানুষ ইংরেজি বলতে পারে। আঞ্চলিক ভাষা আছে প্রায় ৩০টি।
মনরোভিয়ায় জাতিসংঘ মিশনের ট্রানজিট ক্যাম্পে নেমে দাপ্তরিক কাজের জন্য পাসপোর্ট দিয়ে দেওয়া এবং সামান্য খাদ্য গ্রহণের পর জিপে চড়ে আড়াই ঘণ্টার পথ পেরিয়ে যখন এখানে এসে পৌঁছেছি, তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। কালো আকাশে মেঘের ফাঁকে উঁকি মেরেছে এক ফালি চিকন চাঁদ। পথের দুই পাশে ঘন সবুজ বনজঙ্গল দেখতে দেখতে এসেছি আর মনে হয়েছে আফ্রিকা যেন এশিয়ার সহোদরা। গাছগাছালি সবই আমাদের দেশের মতো। মনে পড়ে, প্রাগৈতিহাসিক যুগে আফ্রিকা আর ভারতবর্ষ ছিল অভিন্ন ভূখণ্ড: গন্ডোয়ানা প্রদেশ।
আমাদের ঠাঁই হলো বোং নামের এক প্রশাসনিক বিভাগের রাজধানী বাঙ্গা থেকে অল্প দূরে লাইবেরিয়ার কেন্দ্রীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের (ক্যারি) কাছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশলী ও চিকিৎসকদের দুটি কনটিনজেন্টের শিবিরে। দীর্ঘ পথের ক্লান্তি, ক্লেশ এক নিমেষেই মিলিয়ে গেল যখন হাসিমুখে অভ্যর্থনা জানালেন সবাই। রাতের খাবারের পর আড্ডা চলল দীর্ঘ সময়। লাইবেরিয়ার মানুষের সারল্য ও দারিদ্র্যের বিপরীতে এ দেশের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কথা, বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রতি তাদের আস্থা ও ভালোবাসার কথা। আড্ডার ফাঁকে তরুণ মেজর সালাউদ্দিন জানিয়ে দিলেন আমাদের আগামী ছয় দিনের সফরসূচি।
লাইবেরিয়ায় জাতিসংঘের শান্তি মিশন শুরু হয় ২০০৩ সালে। বাংলাদেশ যোগ দেয় ২০০৪ সালে। পদাতিক (ইনফ্যান্ট্রি), প্রকৌশলী ও চিকিৎসক মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মোট সাড়ে ২১ হাজার শান্তিরক্ষী এতে অংশ নিয়েছেন। এখন চলছে মিশন গুটিয়ে নেওয়ার পর্যায়। বর্তমানে রয়েছেন মোট এক হাজার ৩৯২ জন। ৭৩৮ সদস্যবিশিষ্ট একটিমাত্র পদাতিক কনটিনজেন্ট এখন রয়েছে, যারা অচিরেই দেশে ফিরে যাবে। প্রকৌশলীদের তিনটি এবং চিকিৎসকদের একটি কনটিনজেন্ট আরও এক বছর থাকবে। ২০১৪ সালের মধ্যেই পুরো মিশন লাইবেরিয়া থেকে গুটিয়ে নেওয়া হবে।
মশা ও মাছির ভয় নিয়ে রাত কাটল খানিকটা ঘুমিয়ে, খানিকটা নির্ঘুম। খুব ভোরে মোরগের ডাকে বেরিয়ে এলাম ঘর থেকে। সতেজ নির্মল বাতাসে ভরে গেল বুক।