শান্তি রক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে আদিবাসী-বাঙালি সহিংসতার পর এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শান্তি রক্ষা কমিটি গঠনসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার জেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে জরুরি আইনশৃঙ্খলা সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় অধিকাংশ বক্তা পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করার দাবি জানান।১৭ এপ্রিল খাগড়াছড়ির রামগড় উপজেলায় আদিবাসী-বাঙালি সংঘর্ষে তিন বাঙালি নিহত হন। পরে মানিকছড়ি উপজেলায় দুই পক্ষের মধ্যে সহিংসতা হয়।খাগড়াছড়ির জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়ার সভাপতিত্বে সভায় শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্রলাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা, গুইমারা সেনা অঞ্চলের কমান্ডার মাহবুব উল মোল্লা, পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, হেডম্যান, কার্বারি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুধিসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা সহিংসতার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কাছে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।রামগড়ের হাফছড়ি ইউনিয়নের বড় পিলাক এলাকায় সংঘর্ষে তিন বাঙালি নিহত হওয়ার ঘটনা ঘটে। হাফছড়ির ইউপি চেয়ারম্যান চাইথোয়াই মারমা বলেন, ‘এলাকায় শান্তি বজায় থাকলেও আদিবাসী ও বাঙালিদের মধ্যে অবিশ্বাস-ভয় এখনো দূর হয়নি। তাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের উদ্যোগে এলাকায় শান্তিমিছিল ও সমাবেশ করা জরুরি। তিনি ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে কচু, আদা ও হলুদের বীজ সরবরাহ এবং অন্তত এক বছরের জন্য রেশন দেওয়ার দাবি জানান।খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরাপদ তালুকদার বলেন, শান্তি প্রতিষ্ঠায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শান্তি রক্ষা কমিটি গঠন করা প্রয়োজন। এসব কমিটিতে স্থানীয় সাংসদ থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড সদস্য, হেডম্যান, কার্বারি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকতে পারেন।সভা শেষে জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া জানান, শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকায় শান্তিমিছিল ও সমাবেশ করা হবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হবে এবং শান্তি রক্ষা কমিটি গঠন করা হবে।