বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে আদর্শ মডেল বলে মনে করে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর আর্মি ন্যাশনাল গার্ডের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-অধিনায়ক মেজর জেনারেল জোসেফ জে শ্যাভেজ এ কথা বলেছেন।ঢাকায় মার্কিন দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত দুর্যোগ মোকাবিলাবিষয়ক কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন জেনারেল শ্যাভেজ। গতকাল সোমবার হনুলুলুর উদ্দেশে ঢাকা ত্যাগের আগে প্রথম আলো ও একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সারা বিশ্বে যে বিশেষ কৃতিত্ব ও দক্ষতা দেখিয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মুগ্ধ। তারাও শান্তিরক্ষী হিসেবে ভূমিকা রাখতে আগ্রহী। সে কারণে শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞতা থেকে তারা শিখতে চায়।জেনারেল শ্যাভেজ বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের যা যা প্রয়োজন হতে পারে, সেটা নির্ধারণে যুক্তরাষ্ট্রের কাছে কোনো ‘চেকলিস্ট’ নেই। বরং বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রে কাজ করার মাধ্যমেই তারা সেটা নির্দিষ্ট করতে আগ্রহী।