শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল মানববন্ধন করে সুজন l ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল মানববন্ধন করে সুজন l ছবি: প্রথম আলো

দেশে জঙ্গিবাদ দমন ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গতকাল শনিবার সকালে মানিকগঞ্জে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এ ছাড়া কয়েক জায়গায় জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি পালন করা হয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: সকাল ১০টার দিকে জেলা আদালত প্রাঙ্গণের সামনে শহীদ রফিক সড়কে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য নূরজাহান বেগম, আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।
ইকবাল হোসেন বলেন, জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন এবং এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। জঙ্গিবাদ বিকাশের মূল কারণগুলো চিহ্নিত করে তা সমূলে উৎপাটনে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এ জন্য অবিলম্বে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে র্যালি বের করা হয়। এটি কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম মনিরুজ্জামান মোফাজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আশরাফউজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও যুববিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল আমিন খন্দকার প্রমুখ।
এদিকে দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক আলোচনা সভা হয়। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উদ্যোগে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। বিপথগামী কিছু লোক ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ইসলামকে ধ্বংস করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): জঙ্গি হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে সমাবেশ ও মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। সকালে উদ্ধবগঞ্জ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনি, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন প্রমুখ।
আবদুল্লাহ আল কায়সার বলেন, দেশে যেভাবে বোমা হামলা হচ্ছে, তাতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। তাই সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।