'শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে রক্ত ঝরছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এন লারমার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি: সংগৃহীত
এম এন লারমার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বর্তমানে সংকটময় সময় অতিক্রম করছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা শান্তিচুক্তি বাস্তবায়ন না করে পার্বত্য অঞ্চলকে বিপন্ন হওয়ার পথে ঠেলা দেওয়া হচ্ছে। সেখানে এখনো রক্ত ঝরছে। শুধু পাহাড় নয়, সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরাও এখন চরম অস্তিত্বের সংকটে আছে। 


এম এন লারমার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলাদেশ আদিবাসী ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি সংকটময় সময় অতিক্রম করছে। খুন-খারাপি, ধর্ষণ এবং বিচারহীনতার চূড়ান্ত অবস্থায় মনে হয় পার্বত্য চট্টগ্রামে একটা দায়মুক্তির সমাজ তৈরি করা হচ্ছে। তিনি অচিরেই পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করেন।

শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরাও অস্তিত্বের চরম সংকটময় অবস্থায় উপনীত হয়েছে বলে মন্তব্য করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি সাংসদ ঊষাতন তালুকদার। তিনি বলেন, বাংলাদেশে যদি সত্যিকারভাবে গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন সুসংগঠিত হতে পারত, তাহলে আজকে পাহাড়ের বা সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের চরম সংকটে উপনীত হতে হতো না। সেখানে বাইরে মনে হয় কিছুই না, কিন্তু ভেতরে-ভেতরে আতঙ্ক, নিরাপত্তাহীনতা, অসহায়ত্ব চরমভাবে বিরাজ করছে, সেটা হয়তো বাইরে বোঝানো সম্ভব নয়।

গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘তাঁকে (এম এন লারমা) দেখেছি অত্যন্ত সজ্জন, সৎ ও অকপট মানুষ হিসেবে। তিনি যা বিশ্বাস করতেন, সেইভাবেই কাজ করতেন। বর্তমানে এই সমাজে দেখতে পাই বিশ্বাসের সঙ্গে কর্মের সম্পর্ক নেই। একজন প্রচণ্ড ঘুষখোর, অত্যন্ত দুর্নীতিবাজও বক্তব্য দিচ্ছেন একেবারে মানবতাবাদী বার্নার্ড রাসেলের মতো, রবীন্দ্রনাথের মতো।’

প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে এখনো রক্ত ঝরছে, ভাই ভাইকে মারছে, এক পক্ষ আরেক পক্ষকে নিঃশেষ করতে চাইছে। এই সংঘাত অবশ্যই দূর করতে হবে। এই সংঘাতের অন্যতম কারণ হলো পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়া। চুক্তি বাস্তবায়ন হলে এখন সেখানে যে সমস্যা, তার অনেক সমাধান হয়ে যেত। সুতরাং চুক্তি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে দাবি জানাতে হবে।’

অনুষ্ঠানে ‘তরুণ প্রজন্মের ভাবনায় এম এন লারমা’ শীর্ষক প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সতেজ চাকমা। আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল চৌধুরী, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।