প্রধানমন্ত্রী আজ বান্দরবানে আসছেন
শান্তিচুক্তি বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রামের মানুষ কার্যকর পদক্ষেপ চায়
আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান্দরবানে আসছেন। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর এটি প্রথম পার্বত্য চট্টগ্রাম সফর হলেও সরকারের শেষ সময়ে তাঁর এ সফরে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।তবে আদিবাসী নেতারা প্রধানমন্ত্রীর এ সফরে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতি (জেএসএস) ও সুশীল সমাজের নেতারা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে বহু আশ্বাসবাণী শোনানো হয়েছে। এবার মানুষ প্রধানমন্ত্রীর কাছে চুক্তি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপের কথা শুনতে চায়। সাঙ্গু নদীর ওপর নির্মিত রুমা ও থানচিতে দুটি সেতু উদ্বোধন শেষে জেলা শহরের রাজার মাঠে জনসমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। সমাবেশে সংসদ উপনেতা ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দা সাজেদা চৌধুরী এবং জনসংহতি সমিতি (জেএসএস) ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার উপস্থিত থাকার কথা রয়েছে। তবে সন্তু লারমার ঘনিষ্ঠ সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, সন্তু লারমা অসুস্থ। এ কারণে তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা কম।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির বান্দরবানের আহ্বায়ক উ নূশৈপ্রু চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর সফরে মানুষের মধ্যে আশা-নিরাশার মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারণ, আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি করেছে। এবার সরকার গঠনের আগেও চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু এখনো আশ্বাসের মধ্যে থেকে যাওয়া চুক্তি বাস্তবায়ন নিয়ে পার্বত্যবাসী হতাশাগ্রস্ত। এ জন্য প্রধানমন্ত্রী থেকে এখন আশ্বাস নয়, মানুষ কার্যকর পদক্ষেপ দেখে আশাবাদী হতে চায়। জনসংহতি সমিতির কেন্দ্রীয় ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লামং চাকমা, জেলা সাধারণ সম্পাদক ক্যবা মং মারমা বলেন, বর্তমান সরকার আশ্বাস দেওয়া ছাড়া পার্বত্য চুক্তি বাস্তবায়নে কিছুই করেনি। পার্বত্য নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক গৌতম দেওয়ান বলেছেন, প্রধানমন্ত্রী সরকারের শেষ সময়ে বান্দরবানে আসছেন। এ স্বল্প সময়ে তিনি যদি পার্বত্যবাসীর আস্থা অর্জন করার মতো কিছু না করতে পারেন, বক্তব্যে যত কিছু বলুন না কেন, তাতে হতাশা দূর হবে না। প্রয়োজনে পার্বত্যবাসী আগামী জাতীয় নির্বাচনে বিকল্প চিন্তাও করতে পারে।