শান্তিচুক্তির বেশির ভাগই বাস্তবায়িত : প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল ভূমিসংস্কার ছাড়া পার্বত্য চুক্তির বেশির ভাগই বাস্তবায়িত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুক্তি অনুযায়ী চারটি ব্রিগেড ছাড়া বেশির ভাগ সেনা ক্যাম্পও সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

আজ রোববার সকালে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবের পার্শ্ববর্তী স্থানে নির্দিষ্ট দুই একর জমির ওপর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সরকার ভূমিসংস্কারের জন্য পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন একাধিকবার গঠন করেছে। কিন্তু কমিশনের কাজ সন্তোষজনকভাবে এগোয়নি। কারণ, সেখানে কিছুটা অবিশ্বাস ও দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। আলাপ-আলোচনার মাধ্যমেই এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

শেখ হাসিনা আরও বলেন, সেনা ক্যাম্পগুলো বেশির ভাগই তুলে নেওয়া হয়েছে। চারটি জায়গায় কেবল চারটি ব্রিগেড থাকবে। বাকিগুলো সব সরিয়ে নেওয়া হবে। এ জন্য রামুতে একটি সেনানিবাস করা হয়েছে। ওই অঞ্চলে তাঁর সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম আইন ২০০১-এর কতিপয় সংশোধনীর বিষয়ে শেখ হাসিনা বলেন, এ ব্যাপারে পর্যালোচনা চলছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংবিধানিক কাঠামোর মধ্যে সম্ভব সবকিছু করতেই সরকার প্রস্তুত রয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরাও বাংলাদেশের নাগরিক। সরকার ওই অঞ্চলের সড়ক যোগাযোগ, বিদ্যুৎ খাত এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। পার্বত্য চুক্তির পুরোপুরি বাস্তবায়নে সব পক্ষকে একসঙ্গে কাজ করতেও আহ্বান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। বিশেষ অতিথির বক্তব্য দেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা।

প্রায় দুই একর জমির ওপর নির্মাণাধীন এই পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রকল্পে ছয়তলা ভবন, মাল্টিপারপাস হল, ডরমিটরি, প্রশাসনিক ভবন, জাদুঘর, গ্রন্থাগার, ডিসপ্লে সেন্টার, থিয়েটার হল, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর বাসভবন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের বাসভবন থাকবে।