‘বর্তমান সরকার ক্ষমতায় এসে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের কিছু উদ্যোগ নিয়েছে। তবে এগুলো মূলত কমিটি পুনর্গঠন ও নিয়োগদানের মধ্যে সীমাবদ্ধ। চুক্তির মৌলিক বিষয়গুলোর বাস্তবায়ন এখনো শুরু হয়নি।’গতকাল সোমবার বিভিন্ন আদিবাসী সংগঠন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বক্তারা বলেন, বর্তমান সরকারসহ বিভিন্ন সরকার আদিবাসীদের ভূমি-সমস্যা সমাধানে নজর না দেওয়ায় চুক্তির আগে ও চুক্তি করার ১৩ বছর পর অবস্থার কার্যত কোনো পরিবর্তন ঘটেনি।জাতীয় প্রেসক্লাবে ‘প্রথাগত ভূমি অধিকার, পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন, খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশন, কাপেং ফাউন্ডেশন ও ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের সভাপতি গৌতম দেওয়ান। মূল প্রবন্ধ পড়েন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা। সভায় বক্তারা আরও বলেন, ভূমি কমিশন গঠন করা হলেও ভূমি বিরোধ নিষ্পত্তির কাজ শুরু হয়নি। ২০০১ সালের পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন পার্বত্য চুক্তির সঙ্গে বিরোধপূর্ণ হলেও তা সংশোধন করা হয়নি। সংবিধানেও আদিবাসীরা স্বীকৃতি পায়নি।সভার প্রধান অতিথি সাংসদ হাসানুল হক ইনু বলেন, আইন ও সাংবিধানিকভাবে আদিবাসীদের অধিকার সুরক্ষিত নয়। পরিচয়-সংকট, ভূমি কমিশন আইনের অসংগতি, আইনের মাধ্যমে সমষ্টিগত মালিকানা সুরক্ষিত না হওয়াসহ বিভিন্ন সমস্যায় আদিবাসীরা নিরাপত্তা ও আস্থাহীনতায় ভুগছে। তাই পার্বত্যচুক্তি বাস্তবায়ন করতে হবে। ভূমি বিরোধ নিষ্পত্তি করে ভূমি জরিপ করতে হবে।আদিবাসী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মেসবাহ কামাল বলেন, বাহাত্তরের সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হয়নি। সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায়ের মাধ্যমে আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার সুযোগ এসেছে।পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের সদস্য স্বপন আদনান বলেন, পার্বত্য চুক্তির বাস্তবায়ন কাগজে-কলমে হয়েছে। আদিবাসীদের জমির দখল প্রক্রিয়া আরও বেড়েছে। বান্দরবানের আদিবাসীরা নিশ্চিহ্ন হয়ে গেছে। বড় বড় কোম্পানি ও বিভিন্ন এনজিও ভিন্ন প্রক্রিয়ায় আদিবাসীদের জায়গা দখল করছে।আইনজীবী সারা হোসেন বলেন, আদিবাসীদের জন্য প্রচলিত আইন মানা হচ্ছে না। তিনি সংবিধানের সংশোধনীতে কী কী বিষয় সংযোজন হতে পারে, সে বিষয়ে সব মহলের সুচিন্তিত মতামত নেওয়ার ওপর গুরুত্ব দেন। আদিবাসী নেতা শক্তিপদ ত্রিপুরা, রবীন্দ্রনাথ সরেন প্রমুখ আলোচনায় অংশ নেন।