শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের সম্মেলনে বক্তব্য দিলেন ইউনূস

নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের ১৩তম বার্ষিক সম্মেলনে বক্তব্য দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। পোল্যান্ডে গত সোমবার এ সম্মেলন শুরু হয়েছে। গতকাল ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
‘স্ট্যান্ড ইন সলিডারিটি ফর পিস-টাইম টু অ্যাক্ট’ এবারের সম্মেলনে সরকারি প্রতিপাদ্য বিষয়। সম্মেলনটি পোল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শ্রমিক নেতা লেস ওয়ালেসার নোবেল পাওয়ার ঠিক ৩০ বছর পর।
শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ডি ক্লার্ক ও সাবেক পোলিশ প্রেসিডেন্ট লেস ওয়ালেসা।
ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনের‘হিউম্যান ভ্যালুজ ইন দ্য টাইম অব ক্রাইসিস’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনেও বক্তব্য দিয়েছেন। এতে এ অধিবেশনের আয়োজক লেস ওয়ালেসা ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পিটার লঞ্ছকি-টাইফেনথ্যাল বক্তব্য দেন।
ইউনূস পোলিশ সমাজকর্মী জারজি ওউসিয়াককে সম্মেলনে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ মেডেল প্রদান করেন। ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে ওউসিয়াক তাঁকে ২০১৪ সালের উডস্টক উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। অভিনেত্রী ও সমাজকর্মী শ্যারন স্টোনকেও ওই উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
ড. ইউনূস গতকাল মঙ্গলবার ‘আনহার্ড ভয়েসেস ইন ইকুয়ালিটি ইন সোশ্যাল জাস্টিস’ শীর্ষক অধিবেশনেও বক্তব্য দেন। আজ তিনি ‘ইয়ুথ ইন সলিডারিটিক’ শীর্ষক সেশনে বক্তব্য দেবেন। বিশ্বের প্রায় দেড় হাজার তরুণ প্রতিনিধি এবং পোলিশ সরকারি ও ব্যবসায়িক নেতারা সম্মেলনে অংশ নিচ্ছেন।