শান্তিতে বসবাসের অধিকার সবার আছে: ইউনূস
মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংকটের কথা উল্লেখ করে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সব মানুষের শান্তিতে বসবাসের অধিকার আছে। তাঁরা যেখানেই থাকেন না কেন, নিরাপত্তার অধিকার তাঁদের সবার রয়েছে। খবর ইউএনবির।
গত সোমবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটির মন্ত্রী ও এমপিদের সঙ্গে এক শীর্ষ বৈঠক চলাকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অধ্যাপক ইউনূস। বৈঠকে দেশটির গণতন্ত্রপন্থী নোবেলজয়ী নেতা অং সান সু চি, এমপি ও বিভিন্ন মন্ত্রণালয়ের শতাধিক প্রতিনিধি অংশ নেন।
এতে এনএলডির এমপি ইউ উইন এইচতেইন বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সমস্যা আছে। এ ছাড়া রাখাইন রাজ্যে বৌদ্ধদের সঙ্গে রোহিঙ্গা মুসলিমদের সংঘাত হয়। রোহিঙ্গাদের আদি বাসস্থান বাংলাদেশে। এ বিষয়ে ইউনূসের মতামত জানতে চান তিনি। এর জবাবে অর্থনীতিবিদ ইউনূস আরও বলেন, প্রতিবেশী এই দুই দেশের মানুষের মধ্যে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক আছে। মিয়ানমারে বসবাসরত সব মানুষের অধিকারের বিষয়ে কথা বলায় এমপি ইউ ও তাঁর দলকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, অন্য দেশগুলোর ত্রুটি এড়িয়ে মিয়ানমার অনেক অগ্রগতি সাধন করতে পারে। প্রচুর বিনিয়োগ ও অনুদান মিয়ানমারে এসেছে। দেশটির শুধু সমাজের উঁচুতলার কিছুসংখ্যক মানুষেরই উন্নতি নয়, বরং তৃণমূলের অগণিত মানুষের ভাগ্য পরিবর্তনে এ অর্থ কাজে লাগানো যেতে পারে। এ বিষয়ে বাংলাদেশে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার সার্থকতার উদাহরণ তুলে ধরেন তিনি। নিঃস্বার্থ ব্যবসার ওপর জোর দিয়ে ইউনূস বলেন, সেখানে ব্যবসার লাভের অংশ স্থানীয় কমিউনিটিগুলোতে যাবে। মানুষের সমস্যা সমাধানে সামাজিক ব্যবসা ও সামাজিক ব্যবসা তহবিল বাংলাদেশে ও সারা বিশ্বে বাস্তবায়ন করে সফল মিলছে।