শান্তিতে রাখার প্রতিশ্রুতি নূর মোহাম্মদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণসংযোগে ব্যস্ত কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ। গতকাল পৌর শহরের চরিয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।  ছবি: প্রথম আলো
গণসংযোগে ব্যস্ত কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ। গতকাল পৌর শহরের চরিয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। ছবি: প্রথম আলো

শনিবার সকাল নয়টা। এর কিছু আগেই কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদের বাড়ির সামনে অপেক্ষা করছিলেন শতাধিক কর্মী-সমর্থক। তাঁর বাড়ি কটিয়াদী উপজেলার চান্দুপুর ইউনিয়নের মানিকখালী গ্রামে। তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক, সচিব ও রাষ্ট্রদূত।

গায়ে ফুলহাতা সোয়েটার আর গলায় মাফলার জড়িয়ে বের হলেন নূর মোহাম্মদ। এরপর সকাল থেকে বিকেল পর্যন্ত একে একে আটটি পথসভায় অংশ নেন। প্রতিটি পথসভায় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি।

প্রতিটি পথসভায় নূর মোহাম্মদের মূল বক্তব্য ছিল মানুষের মন থেকে অস্থিরতা দূর করা। শান্তি ফিরিয়ে আনা। ছিল শান্তিতে রাখার প্রতিশ্রুতি। কটিয়াদী বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের এই প্রার্থীর দিনের প্রচারণা শুরু হয়। এরপর যান পৌর শহরের দড়িচরিয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পথসভায়। ওই পথসভায় বক্তব্য শেষে তিনি নারী ভোটারদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এরপর যোগ দেন চরিয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পথসভায়।

নূর মোহাম্মদ বলেন, ‘তরুণদের নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ, তরুণ ও তারুণ্য আমাদের শক্তি। অথচ তারুণ্যের শক্তি আমরা খুব বেশি কাজে লাগাতে পারছি না। তারা বেকারত্বে ভুগছে। হতাশা থেকে মাদক নিচ্ছে।’ তিনি বিজয়ী হলে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির চেষ্টা করবেন বলে জানান। সাধারণ ভোটারদের তিনি আশ্বাস দেন, বিজয়ী হলে ঘুষ কিংবা সুবিধা বিনিময় প্রথা বন্ধ করবেন। অন্তত তাঁর নির্বাচনী এলাকা থেকে ঘুষ প্রথা বন্ধ করবেন। নারীদের পারিবারিক ও সামাজিক নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

চরিয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা শেষে সাবেক আইজিপি যোগ দেন কটিয়াদী বাজার, কামারকোনা ও কটিয়াদী পূর্বপাড়ার পথসভায়।

গতকাল নূর মোহাম্মদের প্রচারণার সঙ্গী ছিলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জায়নাল আবেদীন। তিনি বলেন, নূর মোহাম্মদ প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৮টি পথসভায় অংশ নিচ্ছেন। প্রার্থীর পক্ষে মহাজোটের শরিক দলগুলোও এক হয়ে কাজ করছে।