শান্তিনগর ও মালিবাগের জলাবদ্ধতা নিরসনের দাবি

বিলবোর্ডে উন্নয়নের স্লোগান আর নিচে রাস্তায় থইথই পানি। এই হলো উন্নয়নের নমুনা। সামান্য বৃষ্টিতেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা শান্তিনগর ও মালিবাগ তলিয়ে যাচ্ছে হাঁটুপানিতে। অথচ তা নিরসনের কোনো উদ্যোগ নেই। অনতিবিলম্বে এই দুর্বিষহ জলাবদ্ধতার নিরসন না করলে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।
গতকাল শুক্রবার সকালে শান্তিনগর জলমগ্ন সড়কের মোড়ে সিপিবির শান্তিনগর শাখা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাঁরা বলেন, সামান্য বৃষ্টি হলেই শান্তিনগর ও মালিবাগ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এ এলাকায় রয়েছে রাজধানীর বেশ কয়েকটি খ্যাতনামা স্কুল ও কলেজ।
তাঁরা বলেন, ক্ষমতাসীনেরা এতই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে জনগণের কষ্ট, দুর্ভোগ তাদের চোখে পড়ছে না। তাঁরা সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাস্তব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সিপিবি শান্তিনগর শাখার সভাপতি হযরত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাজেদুল হক, সেকেন্দার হায়াত, মঞ্জুর মঈন প্রমুখ। সভাশেষে বিক্ষোভ মিছিল করে এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করা হয়।