শান্তিনগর থেকে ঝিলমিল পর্যন্ত উড়ালসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার শান্তিনগর থেকে কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প পর্যন্ত ১৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের জন্য সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি কো-অপারেশন (সিআরসিসি) লিমিটেড এ ফ্লাইওভার নির্মাণ করবে। এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সিআরসিসির মধ্যে এক সমঝোতা স্মারক করা হবে। আজ মঙ্গলবার রাজউক ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
গতকাল রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরিফ-উর-রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুস সালাম, রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. হাফিজুর রহমান মুন্সি, প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) মো. আনোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি প্রকল্পের আফসার উদ্দীন, সিআরসিসির সিনিয়র অ্যাডভাইজার চাই সি, ভাইস প্রেসিডেন্ট হু ফান, ম্যানেজার মা সিয়াওজিংসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ও সিআরসিসির ভাইস প্রেসিডেন্ট হু ফান সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। সভায় চট্টগ্রামের মুরাদপুর থেকে বহদ্দরহাট পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন ফ্লাইওভারের বিষয়েও আলোচনা করা হয়। চউকের নিজস্ব অর্থায়নে এ ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে।
এ সময়ে জানানো হয় যে এ ফ্লাইওভারটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারণের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তার আলোকে সম্প্রসারিত এ অংশ নির্মাণের কাজও সিআরসিসি করবে। আগামীকাল রাজউক কার্যালয়ে এ বিষয়েও চউক ও সিআরসিসির মধ্যে আরও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সম্প্রসারিত এ অংশ হবে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ।