শান্তিনিকেতন ঘুরে গেলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল মঙ্গলবার ঘুরে গেলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন। সকালে তিনি কলকাতা থেকে বিশেষ হেলিকপ্টারযোগে শান্তিনিকেতনে পৌঁছান। শান্তিনিকেতনে পৌঁছেই রাষ্ট্রপতি চলে যান কবিগুরুর শেষ জীবনের আবাসস্থল উত্তরায়ণে। কবিগুরুর বেশ কয়েকটি আবাসস্থলের সমষ্টি এই উত্তরায়ণ। এখানের বিচিত্রা ভবনে রয়েছে রবীন্দ্রভবন বা রবীন্দ্র জাদুঘর। পাশেই রয়েছে আবাসস্থল উদয়ন, কোনার্ক, শ্যামলী, পুনশ্চ ও উদীচী। রবীন্দ্র জাদুঘর ঘুরে দেখেন রাষ্ট্রপতি।
এরপর রাষ্ট্রপতি উদয়ন ভবনে গিয়ে কবিগুরুর স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এখানে কলা অনুষদের শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সম্মানে সংগীত পরিবেশন করেন। এখানকার অতিথি খাতায় তিনি ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘দুই দেশের আবহমান বন্ধুত্বের প্রতীক’ হিসেবে বর্ণনা করেন। এ ছাড়া রাষ্ট্রপতি শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণের উদ্যোগের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি দেশে ফিরেছেন: বার্তা সংস্থা ইউএনবি জানায়, রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতে ছয় দিনের সফর শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাত ১০টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।