শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের দ্বার খুলছে

কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে নির্মিত বাংলাদেশ ভবনের দ্বার সাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হচ্ছে কাল মঙ্গলবার সকালে। এই বাংলাদেশ ভবন আনুষ্ঠানিকভাবে গত ২৫ মে উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উদ্বোধনের সময় বাংলাদেশ ভবনের গ্রন্থাগার ও জাদুঘরের কাজ সম্পূর্ণ না হওয়ায় বিশ্বভারতী বলেছিল, ২২ শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবসের দিন সাধারণের জন্য খুলে দেওয়া হবে এই ভবনের দ্বার। কিন্তু এই ভবনের গ্রন্থাগার এবং জাদুঘরকে আরও আধুনিক এবং উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে এবং অতিরিক্ত স্মারক-রেপ্লিকাসহ বিভিন্ন বিষয় সংযুক্ত করার জন্য আরও কিছুটা সময় নেয় বিশ্বভারতী। এবার বাংলাদেশ ভবন দর্শনার্থীদের জন্য প্রস্তুত হওয়ায় কাল সেই ভবন খুলে দেওয়া হচ্ছে।
আজ সোমবার সকালে বিশ্বভারতীয় প্রকাশনা বিভাগের অধ্যক্ষ অমৃত সেন প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খুলে দেওয়া হবে বাংলাদেশ ভবনের দ্বার। বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকবে এই ভবন।
বাংলাদেশ ভবন গড়া হয়েছে শান্তিনিকেতনের পূর্বপল্লির ইন্দিরা গান্ধী সেন্টার আর শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের কাছে। এই ভবন নির্মাণের জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারের হাতে তুলে দিয়েছিল দুই বিঘা জমি। আর এই জমিতেই বাংলাদেশ সরকার এই ভবন নির্মাণের জন্য দিয়েছিল ২৫ কোটি রুপি। এই বাংলাদেশ ভবন নির্মিত হয়েছে বাংলাদেশ সরকারের দেওয়া বাংলাদেশ ভবনের ডিজাইন অনুযায়ী। ১ লাখ ২০ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত হয়েছে এই ভবন। এই ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালের মার্চ মাস থেকে।
বিশ্ববিদ্যালয়ের এই ভবন নির্মাণের সঙ্গে যুক্ত প্রকৌশলী কল্লোল দত্ত মণ্ডল বলেছেন, এই ভবনে থাকছে ৪৫০ আসনবিশিষ্ট একটি মিলনায়তন। অনুষ্ঠান করার সর্বাধুনিক একটি মঞ্চ। থাকছে দুটি সেমিনার হল। গ্রন্থাগার, জাদুঘর, গবেষণাগার, ফ্যাকাল্টি কক্ষ ও একটি বড় ক্যাফেটেরিয়া।
বাংলাদেশ ভবনে ঢোকার মুখে দুদিকের দুই সামনের দেয়ালে থাকছে দুটি ম্যুরাল। প্রবেশদ্বার থেকে ভেতরে ঢোকার পর চোখে পড়া ছাতামাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল জায়গার একদিকে থাকছে কবিগুরু আর অন্যদিকে থাকছে বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল। আর এর পেছনেই মিলনায়তন। দুই পাশে একতলা-দোতলাজুড়ে সেমিনার হল, গ্রন্থাগার, জাদুঘর, গবেষণা ঘর, ফ্যাকাল্টি কক্ষ আর ক্যাফেটেরিয়া।

বিশ্বভারতীর এক কর্মকর্তা বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটা বড় সময় অতিবাহিত হয়েছে বাংলাদেশে। সেই ১৮৯০ থেকে ১৯০০ সাল পর্যন্ত। কবিগুরুদের বাংলাদেশের শিলাইদহ, পতিসর আর শাহজাদপুরে ছিল বাড়ি। সেখানে কবিগুরু দীর্ঘদিন অবস্থান করেছেন। সেখানে কবিগুরু তাঁদের জমিদারি দেখভালও করতেন। কবিগুরু বাংলাদেশে অবস্থানকালে ঘুরতেন নৌকা বা বোটে। ছিল তাঁর দুটি বোট পদ্মা ও চপলা। কবিগুরু এই বোটে চড়ে বহু কবিতা লিখেছেন, গান লিখেছেন। আর সেসব স্মৃতির কথা এবার উঠে এসেছে বাংলাদেশ ভবনে। যদিও বিশ্বভারতীর অনুরোধে ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বভারতীর রবীন্দ্র জাদুঘরের জন্য উপহার দিয়েছেন সেই পদ্মা ও চপলা বোটের রেপ্লিকা। এ ছাড়া বাংলাদেশ সরকার জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার জন্যও দিয়েছেন এই বোটের রেপ্লিকা।
তাই কবিগুরুর স্মৃতিবাহী নানা সামগ্রী, স্মারক নিয়ে এবার বাংলাদেশ ভবনের জাদুঘর সাজানোর উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। শুধু তা-ই নয়, বাংলাদেশ নিয়ে যাঁরা এখানে গবেষণা করতে চান, তাঁদের জন্যও সমৃদ্ধ করা হয়েছে বাংলাদেশ ভবনের গ্রন্থাগারকে। এখানে মিলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে ভারতের অবদান, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের ইতিহাস, নানা ছবিসহ কবিগুরুর জীবনের নানা কথা, বিশেষ করে বাংলাদেশে অবস্থানের নানা স্মৃতিবাহী ছবি, পাণ্ডুলিপি, স্মারক প্রভৃতি।