শান্তিনিকেতনে বাংলাদেশি চিত্রশিল্পীর একক প্রদর্শনী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নন্দন জাদুঘরের নন্দন গ্যালারিতে বাংলাদেশের প্রখ্যাত চিত্রকর রোকেয়া সুলতানার একক চিত্র প্রদর্শনীর শেষ দিন আজ সোমবার।
গত শুক্রবার সকালে প্রদীপ জ্বালিয়ে চার দিনব্যাপী এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক স্বপন কুমার দত্ত।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ শান্তিনিকেতনের বিশিষ্টজনেরা। ছিলেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. মোফাকখারুল ইকবাল ও দ্বিতীয় সচিব মৌসুমী ওয়াইস।
চিত্র প্রদর্শনীতে রোকেয়া সুলতানার আঁকা ৪৭টি চিত্রকর্ম ঠাঁই পেয়েছে। আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায় এই চিত্র প্রদর্শনী শেষ হওয়ার কথা।
প্রদর্শনীর উদ্বোধন করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক স্বপন কুমার দত্ত বলেন, শান্তিনিকেতনে এই প্রথম বাংলাদেশের কোনো চিত্রশিল্পীর একক প্রদর্শনী। এর মাধ্যমে দুই দেশের সংস্কৃতির বন্ধন আরও জোরদার করার পথ প্রশস্ত হবে। মৈত্রীর বন্ধন দৃঢ় হবে। এ ধরনের প্রদর্শনী হলে দুই দেশের চিত্রশিল্প আরও সমৃদ্ধ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রশিল্পী রোকেয়া সুলতানা বলেন, শান্তিনিকেতনে একটি চিত্র প্রদর্শনী করা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই প্রদর্শনীতে যোগদান করতে পেরে তিনি আনন্দিত।