শান্তিনিকেতনে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকার রেপ্লিকা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী সামনে রেখে নতুনভাবে সাজানো হচ্ছে তাঁর স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের ‘রবীন্দ্র জাদুঘর’। এখানে এবার প্রথম গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ গ্যালারি। এই গ্যালারির জন্য বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে রবীন্দ্রনাথের পদ্মা নদীতে বেড়ানোর নৌকার একটি রেপ্লিকা।বাংলাদেশ গ্যালারিতে থাকবে কবিগুরুর বাংলাদেশে ১০ বছর কাটানোর বিভিন্ন সময়ের নানা ছবি, স্মারক ও তথ্য। এই লক্ষ্যে বিশ্বভারতীর পক্ষ থেকে গত বছরের গোড়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে একটি চিঠি লেখা হয় এবং কবির বাংলাদেশে ব্যবহূত নৌকার একটি রেপ্লিকাসহ প্রয়োজনীয় স্মারক, ছবি ও তথ্য চাওয়া হয়।শান্তিনিকেতনের রবীন্দ্রভবনের প্রাধিকারিক ও বিশ্বভারতীর হেরিটেজ কমিটির আহ্বায়ক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে জানান, বাংলাদেশ সরকার কবিগুরুর ব্যবহূত নৌকার একটি রেপ্লিকা পাঠাতে সম্মত হয়েছে। রেপ্লিকাটি লম্বায় সাড়ে ১২ ফুট ও প্রস্থে সাড়ে তিন ফুট। তিনি বলেন, এই জাদুঘর উদ্বোধনের জন্য সোনিয়া গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে।জমিদারি দেখভাল উপলক্ষে ১৮৯০ থেকে ১৯০০ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অনেকটা সময় কেটেছে বাংলাদেশে। বাংলাদেশের শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে রয়েছে রবীন্দ্রনাথের কাচারিবাড়ি। বাংলাদেশে অবস্থানকালে তিনি পদ্মায় ঘুরতেন নৌকায় করে। তিনি অনেক কবিতা, ছোটগল্প ও গান লিখেছেন পদ্মায় বেড়ানোর সময়। সেই সব স্মৃতিকেই সংগ্রহ করে গড়ে তোলা হচ্ছে শান্তিনিকেতনের রবীন্দ্র জাদুঘরের বাংলাদেশ গ্যালারি।