বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থনের পাশাপাশি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্য দূর করার পক্ষে মত দিয়েছে ভারত। আর রাজনৈতিক সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন ও কানাডা।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ঢাকায় ভারতীয় হাইকমিশনের মুখপাত্র গতকাল সোমবার বলেন, বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করে ভারত। বাংলাদেশের মতো বহুদলীয় গণতন্ত্রের দেশে আলোচনা ও শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্য দূর করাটা সবচেয়ে ভালো। এ প্রক্রিয়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়িত হবে।
চীন ও কানাডার উদ্বেগ: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন গত রোববার এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি যা ঘটেছে, তাতে এ দেশের জনগণের মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন। আমি আশা করি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে একে অন্যের প্রতি সদিচ্ছার ইঙ্গিত দেবে। যাতে করে সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করার ধারণাটির ওপর পুনরায় জনগণের আস্থা ফিরে আসে।
কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন গতকাল এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে মরণঘাতী রাজনৈতিক সহিংসতা বেড়ে যাওয়ায় লোকজনকে চরম মূল্য দিতে হচ্ছে। এতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সম্প্রতি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা আমরা হতাশার সঙ্গে লক্ষ করেছি। সহিংসতা বন্ধ করার ও শান্তিপূর্ণ উপায়ে বর্তমান সমস্যার সমাধানের জন্য সব পক্ষের প্রতি আমাদের আহ্বান অব্যাহত রয়েছে।’
বিবৃতিতে কানাডার রাষ্ট্রদূত নাগরিকের গণতান্ত্রিক অধিকার হিসেবে শান্তিপূর্ণ প্রতিবাদ-সমাবেশের প্রতি সমর্থন জানালেও সব ধরনের সহিংসতার বিরোধিতা করেছেন। তিনি সংকট নিরসনে সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার তাগিদ দেন। সব দলের অংশগ্রহণে নির্বাচন বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হরতাল কিংবা গ্রেপ্তার সংলাপের জন্য সহায়ক নয়। বাংলাদেশকে চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তার জন্য কানাডা তৈরি।