শান্তিপূর্ণ উপায়ে সমঝোতার আহ্বান টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের বলপ্রয়োগ, সহিংস ও অগণতান্ত্রিক আচরণ পরিহার করে শান্তিপূর্ণ উপায়ে সমঝোতার পথ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলছে, ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক সহিংসতা ও বলপ্রয়োগের অসুস্থ প্রতিযোগিতা যে অমানবিক ও নৃশংস রূপ ধারণ করেছে, যেভাবে সাধারণ নাগরিকের মৌলিক অধিকার হরণ হচ্ছে, যেভাবে দেশে সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে ঝুঁকি বাড়ছে, তাতে টিআইবি উদ্বিগ্ন।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র ও সাধারণ মানুষের স্বার্থরক্ষায় দুই নেত্রীর মধ্যে পারস্পরিক সমঝোতা অত্যন্ত জরুরি। সংকট থেকে উত্তরণের চাবিকাঠি দুই নেত্রীর হাতেই রয়েছে। একই সঙ্গে উভয় পক্ষের নেতৃস্থানীয় অবস্থানে অধিষ্ঠিতদের সংহত ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য। তাদের রাজনীতি যে বাস্তবেই জনস্বার্থে, জনগণের অধিকার খর্ব করার জন্য নয়, জনগণকে জিম্মি করে শক্তি পরীক্ষার জন্য নয়, তার প্রমাণ দেওয়ার সময় এখনই।
ইফতেখারুজ্জামান বলেন, গণতন্ত্রের নামে দেশের প্রধান দুই দল শক্তি প্রদর্শন ও বলপ্রয়োগের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ায় শিশু, নারীসহ সাধারণ মানুষের মৌলিক অধিকার নিষ্ঠুরভাবে খর্ব হচ্ছে। স্বাভাবিক মৃত্যুর অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। তিনি রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে বড় দুটি পক্ষকে সমঝোতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।