শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোনয়নপত্র জমা িনতে ব্যস্ত কর্মকর্তারা। গতকাল রাজধানীর সেগুন বাগিচার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। ছবি: প্রথম আলো
মনোনয়নপত্র জমা িনতে ব্যস্ত কর্মকর্তারা। গতকাল রাজধানীর সেগুন বাগিচার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। ছবি: প্রথম আলো

মিছিল-মহড়া—একসময় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এসব ছিল সাধারণ বিষয়। মাঝেমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের সঙ্গে বেঁধে যেত সংঘর্ষও। কিন্তু গতকাল বুধবার জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা শহরের ১৫টি আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এসবের কিছুই ছিল না। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী, গতকাল সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকার ১৫টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়। বিভাগীয় কমিশনার কে এম আলী আজম রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

সরেজমিনে দেখা গেছে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রবেশমুখ, মূল ফটক ও কার্যালয় থেকে বের হওয়ার ফটকে পুলিশের সতর্ক অবস্থান। প্রার্থীরা যাতে কোনো ধরনের মহড়া করতে না পারেন, সে ব্যাপারেও তৎপর ছিল প্রশাসন। কোনো প্রার্থী বেশি লোকজন নিয়ে এলেই পুলিশ তাঁদের সরিয়ে দিয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা ছিল, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রার্থী পাঁচ থেকে সাতজনের বেশি লোক নিয়ে আসতে পারবেন না। কোনো প্রার্থী বাস ও ট্রাক মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, মশাল মিছিলসহ কোনো ধরনের মহড়া করতে পারবেন না।

গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান করে দেখা গেছে, প্রায় সব প্রার্থীই সাতজনের বেশি কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন। তবে কার্যালয়ের মূল ফটক দিয়ে ঢোকার সময় পুলিশ প্রার্থী বা প্রার্থীর প্রতিনিধির সঙ্গে আসা অতিরিক্ত ব্যক্তিদের আটকে দিচ্ছে। তারপরও ফাঁক গলে দু-এক ঢুকে যাচ্ছেন ভেতরে। যাঁরা ঢুকতে পারেননি তাঁরা কার্যালয়ে সামনে অবস্থান নেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সবচেয়ে বেশি লোক দেখা গেছে  ঢাকা-১৭ আসনে (ক্যান্টনমেন্ট, গুলশান-বনানী, বারিধারা এলাকা) আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খানের সঙ্গে। বেলা সাড়ে ৩টার দিকে ৪০-৫০ জন নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন তিনি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢোকার সময় অতিরিক্ত লোকজনকে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তিও হয়। তবে দ্রুতই পরিস্থিতি শান্ত হয়ে যায়।

এর আগে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস, সাহারা খাতুন, জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশীদের সঙ্গেও ১০-১৫ জন করে লোককে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢুকতে দেখা গেছে। সাতজনের বেশি ছিল আরও অনেক প্রার্থীর সঙ্গেই।

অতিরিক্ত লোক ঢোকা সম্পর্কে শেখ ফজলে নূর তাপসের দৃষ্টি আকর্ষণ করলে তিনি সাংবাদিকদের বলেন, তিনি অতিরিক্ত লোক নিয়ে আসেননি। অনেকেই ছবি তোলার জন্য তাঁর পাশে দাঁড়িয়েছেন।

দুপুর পৌনে ১২টার দিকে ১৫-২০ জনের একটি দল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মূল ফটক দিয়ে ঢোকার পথে সেখানে দায়িত্বরত পুলিশ সদ্যরা বলতে থাকেন ‘স্যার পাঁচজন’। পুলিশ সদস্যদের বাধার কারণে সবাই প্রবেশ করতে পারেননি। তবে ৮-১০ জনের মতো ভেতরে ঢুকে যান। মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, সাতজনের বেশি নেতা-কর্মী নিয়ে এসে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে কি না। জবাবে সাহারা খাতুন বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আচরণবিধি নির্ধারণ করার পর থেকে তিনি এবং তাঁর নেতা-কর্মীরা কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। প্রায় প্রতিটি প্রার্থীর সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত ৭ জনের বেশি লোক লোক থাকলেও মিছিল বা মহড়ার মতো কোনো পরিস্থিতি দেখা যায়নি।

জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল। কোনো অপ্রীতিকর
ঘটনা ঘটেনি।