শান্তিপূর্ণ কর্মসূচি পালনের তিন দিন পর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার তিন দিন পর সাংবাদিকদের সংগঠন বিএফইউজে ও ডিইউজের একাংশকে রাজধানীর শাহবাগ থানায় গাড়ি ভাঙচুরের মামলায় জড়ানোর নিন্দা জানিয়েছেন সংগঠন দুটির নেতারা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব এম এ আজিজ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদকে ‘অন্যায়ভাবে’ গ্রেপ্তার করে কয়েক দফায় রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এবং আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তিসহ বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে গত ২৯ আগস্ট বিএফইউজে ও ডিইউজে জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ণ মানববন্ধন করে। পুলিশের উপস্থিতিতেই ওই কর্মসূচি শেষ হয়।