শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা এলে সমুচিত জবাব দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকার এবং তাদের লেলিয়ে দেওয়া বাহিনী বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে পরিণতি ভালো হবে না। বাধা এলে সমুচিত জবাব দেওয়া হবে। জনগণই এর সমুচিত জবাব দেবে।রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার বিএনপির যৌথ সভা শেষে খোন্দকার দেলোয়ার হোসেন এসব কথা বলেন।দলীয় সূত্র জানায়, যৌথ সভায় ৩০ নভেম্বর পর্যন্ত বিএনপি ঘোষিত কর্মসূচি সফল করার সার্বিক দিক নিয়ে আলোচনা হয়। দুপুর সোয়া ১২টার দিকে এই সভা শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলে। বিএনপির মহাসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, রাজিয়া ফয়েজ, শাহ মোয়াজ্জেম হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভি আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সভা শেষে খোন্দকার দেলোয়ার বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রে সরকার বিএনপিকে জনগণের কর্মসূচি পালন করতে দিচ্ছে না। শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হয়েছে, তাও বানচালের ষড়যন্ত্র করছে। আলামত পাওয়া যাচ্ছে, আগামী তিন-চার দিন তারা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বিদেশিদের নির্দেশে বিরোধী রাজনীতি ধ্বংস করে তারা একতরফাভাবে দেশ চালাতে চায়। যাঁরাই তাদের প্রভুদের বিরুদ্ধে কাজ করছেন, তাঁদের নিশ্চিহ্ন করে আরেকটি ভুটান বানানোর চেষ্টা করছে।প্রধান বিচারপতির বাসভবনে ককটেল হামলার বিষয়টি উল্লেখ করে খোন্দকার দেলোয়ার বলেন, এখন এ দেশে কারও নিরাপত্তা নেই। অবস্থাদৃষ্টে মনে হয়, তারা (সরকার) সব ঘটনা ঘটানোর ব্যবস্থা করে বসে ছিল। এটি সরকারের পূর্বপরিকল্পিত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক হারানো উচিত নয়। আমরা কী মিথ্যাচার করেছি, তা তিনি বলতে পারেননি। কিন্তু বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিরোধী দলকে দমানোর জন্য এসব মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।’সরকার জনমত হারিয়ে ফেলেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দেশে এমন একটি ক্ষেত্রও নেই, যেখানে সরকার সফল হয়েছে। এখন পর্যন্ত সরকার কোনো নির্বাচনী ওয়াদা পূরণ করতে পারেনি। উল্টো সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল এমন পর্যায়ে চলে গেছে যে দেশে আইনের শাসন আছে বলে মনে হয় না। ফাঁসির দণ্ড পাওয়া আসামিদের ছেড়ে দিয়ে সন্ত্রাসীদের উৎসাহিত করছে।