শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন একটি নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশন আইন অনুযায়ীই চলবে। গতকাল বৃহস্পতিবার সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক, চেয়ারম্যান প্রার্থী দিদারুল কবির, আবদুল হাই, একরামুল হক, মাহতাব উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি বখতেয়ার ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান প্রমুখ।
সভায় একাধিক চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেন, ফেনীর দাগনভূঁঞা ও ফুলগাজী উপজেলায় বিশেষ প্রার্থীর পক্ষে সন্ত্রাসীরা এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিতে শুরু করেছে। তারা প্রতিপক্ষের গণসংযোগ ও প্রচারে বাধা প্রদান, পোস্টার ছিঁড়ে ফেলা, মাইক ভাঙা এবং ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে হুমকি-ধমকি দিচ্ছে। নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেন, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার কাছে প্রতিশ্রুতিবদ্ধ।