শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে মনিরুজ্জামানের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক তাঁর ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আর ১৮ দল-সমর্থিত প্রার্থী মো. মনিরুজ্জামান নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘জনগণ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে আমরা তা মেনে নেব।’

গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তালুকদার আবদুল খালেক বলেন, আচরণবিধি মেনেই তিনি ও তাঁর সমর্থকেরা প্রচারকাজ শেষ করেছেন। এমন কোনো অভিযোগ কোনো পক্ষ থেকেই করা হয়নি, যাতে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। নির্বাচনে ফলাফল যা-ই হোক না কেন, তিনি মেনে নেবেন।

এ সময় সম্মিলিত নাগরিক কমিটির কো-চেয়ারম্যান এনায়েত আলী ও সদস্যসচিব শাহ জাহাঙ্গীর আবেদ, খালেকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হারুনুর রশিদ, সদস্যসচিব মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে নগরের হাজী মুহসিন রোডের উদয়ন ক্লাবে ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে মো. মনিরুজ্জামান বলেন, ‘বারবার প্রশাসনকে বলার পরও অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না। আমরা সেনা মোতায়েন করতে বলছি, সেটাও করা হচ্ছে না।’

সংবাদ সম্মেলনে সরকারি দল-সমর্থিত মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ফোরামের সমন্বয়কারী সাংসদ নজরুল ইসলাম বলেন, অভিযোগ দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার দপ্তরে গেলেও নানাভাবে নাজেহাল হতে হয়েছে। যেসব অভিযোগ দেওয়া হয়েছে, সে ব্যাপারেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্রধান নির্বাচনী এজেন্ট এস এম শফিকুল আলম, বিএনপির নেতা সাহারুজ্জামান মোর্তুজা, সাবেক সাংসদ সৈয়দা নার্গিস আলী প্রমুখ।