জয়পুরহাট পৌরসভার নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভোটারদের মাঝে উৎকণ্ঠা ও শঙ্কা ততই বাড়ছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হওয়ার ব্যাপারে ভোটাররা তাঁদের শঙ্কার কথা জানিয়েছেন।
মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। সে তুলনায় ধানের শীষ নিয়ে মেয়র প্রার্থী শামছুল হক চালাচ্ছেন ঢিলেঢালা প্রচারণা। অন্য প্রার্থীদের প্রচারণা চলছে সাদামাটাভাবে।
শহরের চা-বিক্রেতা বিশ্বাসপাড়ার মিজানুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলে মানুষ ভোট দিতে যাবেন। তিনি মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে কাকে ভোট দেবেন, তা ঠিক করে রেখেছেন। নতুনহাট এলাকার আইনজীবী শাহজাহান আলী বলেন, ভোট নিয়ে সাধারণ মানুষ বেশি উৎসাহবোধ করছেন না। সাধারণ ভোটাররা কেমন যেন নীরব রয়েছেন। ভোট শান্তিপূর্ণ হবে কি না, এ নিয়েও মানুষের মধ্যে শঙ্কা কাজ করছে।
বারিধারা এলাকার নতুন ভোটার কলেজছাত্র দেবদাস মণ্ডল জানান, তাঁর চাওয়া—জীবনের প্রথম ভোট যেন শান্তিপূর্ণভাবে দিতে পারেন। যে প্রার্থী পৌরসভার উন্নয়ন এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন, এমন প্রার্থীকেই ভোট দেবেন তিনি।
পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত এক কলেজশিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, মেয়র পদে নৌকা ও ধানের শীষ মার্কার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ থাকবে কি না, এ নিয়ে তিনিও শঙ্কা প্রকাশ করেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির দুই নেতা বলেন, তাঁদের অধিকাংশ নেতা-কর্মী দল বেঁধে মেয়র প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় যেতেও ভয় পাচ্ছেন। কখন, কাকে, কোন মামলায় জড়িয়ে দেওয়া হয়, এ নিয়ে তাঁদের মধ্যে ভীতি কাজ করছে।
জেলা বিএনপির সভাপতি ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোজাহার আলী প্রধান বলেন, জয়পুরহাট পৌরসভার মানুষ দীর্ঘদিন পর ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
জাসদ মনোনীত মেয়র প্রার্থী আমেজ উদ্দীন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কি না, এ নিয়ে তিনিও শঙ্কিত। জাতীয় পার্টির মেয়র প্রার্থী আ স ম মোক্তাদির ভোটের দিন ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। সিপিবির মেয়র প্রার্থী দেওয়ান বদিউজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা কাজ করছে। প্রশাসন নিরপেক্ষ উদ্যোগ নিলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্ভব।
নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হাসিবুল আলম ও খন্দকার সাজ্জাদ আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে জামায়াত নেতা হাসিবুল আলম নাশকতার মামলায় পলাতক আছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, তাঁদের মেয়র প্রার্থী দুই বছর আগে থেকেই নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দলীয় নেতা-কর্মীর বাইরেও বিভিন্ন শ্রেণি-পেশা ও স্বাধীনতার পক্ষের মানুষ তাঁর পক্ষে প্রচারণায় নেমেছেন। তাঁর আশা, বিপুল ভোটে তাঁদের প্রার্থী জয়লাভ করবেন।
জয়পুরহাট সদর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেন জানান, সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করার যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেন ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।