শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে ভোটারদের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনের প্রচারণা গতকাল শনিবার রাত ১২টায় শেষ হয়েছে। তবে বিএনপির মেয়র পদপ্রার্থী অভিযোগ করেছেন, তাঁর প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়া নিয়ে ভোটাররা শঙ্কায় আছেন।
গতকাল পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে কোথাও বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম ওরফে মিন্টিজ মিয়ার ধানের শীষের পোস্টার বা বিএনপির প্রার্থীর কোনো গণসংযোগ চোখে পড়েনি। তবে সব এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর পোস্টার দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, আমিরুল ইসলাম একাই গণসংযোগ করেছেন। এ পর্যন্ত তিনি একটিও উঠান বৈঠক করেননি। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফরাজীর দোকান এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে দেখা হয়। তাঁর পক্ষে গণসংযোগে আসা দুজন দূরে ছিলেন।
জানতে চাইলে আমিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন বিএনপির কেউ মাঠে নামলেই পেটাচ্ছেন। আর ধানের শীষের পোস্টার সব ছিঁড়ে ফেলা হয়েছে। তাঁরা প্রতিদিন মোটরসাইকেলে মহড়া দিয়েছেন। এ পর্যন্ত তিনি একাই দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ৯ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রচারকাজ চালাতে বাধা দিয়েছেন। তাঁর ছেলে ইফতেখারুল ইসলাম, ভাতিজা জাকির হোসেনকে পিটিয়ে জখম করা হয়েছে। এ পর্যন্ত তিনি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে ১৫টি অভিযোগ দিয়েছেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ওরফে আলমগীর মালতিয়া বলেন, ভয়ভীতি আছে, তারপরও তাঁরা প্রচারে আছেন।
নয়টি ওয়ার্ডের কমপক্ষে ৬০ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, দিন যত ঘনিয়ে আসছে ভোটের পরিবেশ ঘোলাটে হচ্ছে। বেশির ভাগ ওয়ার্ডে আওয়ামী লীগের চার-পাঁচজন করে নেতা প্রার্থী হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথ অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর সরকারের করা উন্নয়ন এবং নির্বাচনী ওয়াদা তাঁকে নির্বাচিত করবে। তাঁর পক্ষে সব দলের নেতা-কর্মী কাজ করছেন। তিনি পৌরসভাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার অঙ্গীকার করেন।
রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, বিএনপির মেয়র প্রার্থী ৪টি ও কাউন্সিলর প্রার্থীরা ১১টি অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তাঁরা যথাযথ ব্যবস্থা নিয়েছেন বলে তিনি দাবি করেন।