জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহমঞ্চদ এরশাদ বলেছেন, ‘দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচনের কোনো আশা আমি দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। এখন তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে। অন্যদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলছে। এ অবস্থায় দেশে কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন হবে, তা আমার জানা নেই।’
ঝিনাইদহ ওয়াজির আলী হাইস্কুল মাঠে গতকাল শনিবার বিকেলে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। অস্ত্র ও টাকার কারণে ভালো মানুষ সাংসদ হতে পারেন না। ব্যক্তি নয়, দলকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। প্রাপ্ত ভোটের ভিত্তিতে দল সংসদে আসন পাবে।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম হারুন অর রশীদের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তৃতা দেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সুনীল শুভ রায়, আহসান হাবিব প্রমুখ।
আওয়ামী লীগ ও বিএনপির বাইরে যেসব দল আছে, তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘এই দুই দল থেকে দেশকে রক্ষা করতে আমার দল নির্বাচন করবে। আপনারা আমার সাথে থাকবেন।’
তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে পদ্মা সেতু নির্মাণ করব। দেশে আগের মতো উন্নয়ন হবে। দেশে শান্তি ফিরে আসবে।’
এরশাদ আরও বলেন, মহাজোট ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগ দলীয়করণ করেছে। টাকা ছাড়া চাকরি হয় না। শেয়ার কেলেঙ্কারিতে ৩০ লাখ মানুষ নিঃস্ব হয়েছে। শেয়ার কেলেঙ্কারির নায়কেরা প্রধানমন্ত্রীর আশপাশে ঘোরাঘুরি করেন।
তিনি বলেন, দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাট চলছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ। বাচ্চারা স্কুলে যেতে পারে না। মানুষ গুম হচ্ছে, তার তদন্ত হয় না। এই সংকটের জন্য ক্ষমতাসীনেরা দায়ী।
এরশাদ আগামী নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে হারুন অর রশীদকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন।