শান্তিপূর্ণ পরিবেশ চান ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া ও মদন উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান ভোটাররা। তাঁরা প্রশাসনের কাছে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে আটপাড়ার সাতটি এবং মদন উপজেলায় আটটি ইউপিতে নির্বাচন হবে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুটি উপজেলায় ১৪০টি ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন ভোটাররা। এই কেন্দ্রগুলোর মধ্যে ৯৯টি কেন্দ্রই ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে আটপাড়ায় ৪৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
গত মঙ্গল ও গতকাল বুধবার দুটি উপজেলার নয়টি ইউনিয়নের অন্তত ১৮টি গ্রামের বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা হলে তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের এই শঙ্কা অনেকটা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীকে নিয়ে। কারণ দুই উপজেলাতেই দুটি দলেরই একাধিক বিদ্রোহী রয়েছেন। তবে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার জয়দেব চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে।
আটপাড়ায় সাতটি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী। এর মধ্যে ছয়টি ইউনিয়নেই আওয়ামী লীগের ও তিনটিতে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। মদনের আটটি ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ৪২ জন। সাতটি ইউনিয়নেই বিএনপির মনোনীত আটজন চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থী ১৮ জন। এঁদের মধ্যে বেশ কয়েকজন সাবেক ইউপি চেয়ারম্যানও রয়েছেন। এই উপজেলায় দুটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। দুই দলের একাধিক প্রার্থীর সমর্থকদের মধ্যে বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নে পোগলগাঁও গ্রামের কৃষক লাক মিয়া বলেন, ‘ভাই ভোট তো দেয়নই লাগব। তবে ভোটটা যেন ভালোভাবে দিতে পারি। কোনো রকম ঝামেলা যাতে না হয়। শুধু লাক মিয়া নন, পাশের অভয় পাশা বাজারের চা-দোকানি ফরিদ মিয়া এবং তাঁর স্ত্রীও প্রায় একই শঙ্কার কথা বলেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দলের ইউনিয়ন কমিটির সভাপতি আবদুছ ছাত্তার। এখানে বিদ্রোহী ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের সহসভাপতি এ টি এম জয়নাল আবেদীন। তিনি দাবি করে বলেন, ‘আমার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। এখন দলীয় প্রার্থী আমার সমর্থকদের নানাভাবে ভয় দেখাচ্ছেন। আমি নিজেও শঙ্কিত আছি।’
মদন উপজেলার গোবিন্দ্রশ্রী ও কদমশ্রী দুটি গ্রাম নিয়ে গোবিন্দ্রশ্রী ইউনিয়ন। এই ইউনিয়নের ১২ হাজার ৫০৭ জন ভোটার রয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গোবিন্দ্রশ্রী গ্রামের এ কে এম নুরুল ইসলাম। ইউনিয়নে মোট পাঁচজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। গ্রামের বাসিন্দা কৃষক মো. বায়েজিদ ও হান্নান মিয়া বলেন, ‘এটি একেবারে হাওর এলাকা। এখানে রাস্তাঘাটের কোনো রকম অবস্থা নাই। বর্ষায় নৌকাই একমাত্র ভরসা। এলাকায় টিউবওয়েলও তেমন নাই। ভোট এলে সবাই ভালা কথা কয়। কিন্তু ক্ষমতায় গেলে কামের মধ্যে নাই। তবুও একটু যে ভালা তারে ভোটা দিয়াম।