শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনে ১৯৫০ ভোট পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিপূর্ণ পরিবেশে দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০১৭-১৮) দুই দিনের নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার প্রথম দিনে ১ হাজার ৯৫০ ভোট পড়েছে। দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। এরপর গণনা শুরু।
এবারের নির্বাচনে সভাপতি পদে আইনজীবী আবদুল মতিন খসরু ও সম্পাদক পদে রবিউল আলম বুদু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল হিসেবে পরিচিত) তাঁদের সমর্থন দিয়েছে। অন্যদিকে সভাপতি পদে জয়নুল আবেদীন ও সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপি-জামায়াত জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল হিসেবে পরিচিত) তাঁদের সমর্থন দিয়েছে।
আগের নির্বাচনগুলোয় ‘নীল’ ও ‘সাদা’ প্যানেল সামনে রেখে প্রার্থীরা প্রচারণা চালালেও এবার তেমনটি দেখা যায়নি। দৃশ্যত, কোনো প্যানেলের উপস্থিতি পাওয়া না গেলেও প্রতিবারের মতো এবারও নির্বাচনে সরকার-সমর্থক ও বিএনপি-জামায়াত জোটের সমর্থকদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা সাধারণ আইনজীবীদের।
তফসিল অনুসারে ২২ ও ২৩ মার্চ নির্বাচনের তারিখ ধার্য ছিল। বেশ কয়েকজন আইনজীবী জানান, তবে গত মঙ্গলবার রাতে খাবারের ব্যবস্থা নিয়ে বিএনপি-সমর্থক এক প্রার্থী ও তাঁর সমর্থকদের সঙ্গে নির্বাচন উপকমিটির সদস্যের তর্ক হয়। এ অবস্থায় গতকাল ভোট শুরু হবে কি না, সে বিষয়ে উপকমিটি বুধবার সকালে জানাবে বলে বলা হয়।