
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। গতকাল রোববার অনুষ্ঠিত এই দুটি ইউনিয়নের নির্বাচন কোনো গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রু কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা হয়েছে।
ভোট গণনার পর গত রাত ১০টায় দুটি ইউপির রিটার্নিং কর্মকর্তা নুরুল আবসার বলেন, হ্নীলা ইউপি নির্বাচনে ৮ হাজার ৪৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ কে আনোয়ার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জহির আহমেদ। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৫৮ ভোট।
অন্যদিকে, হোয়াইক্যং ইউনিয়নে জামায়াত-সমর্থিত প্রার্থী নুর আহমেদ ১১ হাজার ৮০২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জুনায়েদ আলী পেয়েছেন ৬ হাজার ২২৩ ভোট।
ভোট গ্রহণ শুরু হওয়ার পর গতকাল সকাল সাড়ে আটটায় হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রচণ্ড গরমে ৫০০ থেকে ৬০০ নারী ভোটার তিনটি লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তাঁদের পাশে ছিল পুরুষ ভোটারদের লাইন। কিন্তু সেখানে দুটি লাইনে শতাধিক পুরুষ ভোটার ছিলেন।
ওই কেন্দ্রের ভোটার মমতাজ খাতুন (৪৫) বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি ভোট দিতে এসেছিলেন। কিন্তু কেন্দ্র দখল ও মারামারির কারণে সেই সময় ভোট দিতে পারেননি। এবার ভোট দিয়েছেন।
৮৬ বছরের বৃদ্ধা জরিনা খাতুন বলেন, ‘জীবনের শেষ ভোট।’
ওই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব থাকা মো. ইসমাইল জানান, ভোর ছয়টা থেকেই নারী ভোটাররা কেন্দ্রে এসে হাজির হন। পুরুষদের চেয়ে নারী ভোটারদের আগ্রহ বেশি দেখা গেছে।
সকাল সাড়ে ১০টার দিকে লেদা নিম্নমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ৬০০ থেকে ৭০০ নারীর দীর্ঘ লাইন। কিন্তু তার পাশে পুরুষদের সারিতে ৭০ জনের বেশি ভোটার ছিলেন না। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ছৈয়দ হুমায়ুন মোর্শেদ বলেন, গরম উপেক্ষা করে নারীরা ভোট দিতে এসেছেন।
দুপুর ১২টা ৪০ মিনিট উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েও একই দৃশ্য দেখা গেছে। পুরুষ ভোটারের তুলনায় নারীর সংখ্যা বেশি। কেন্দ্রের প্রিসাইডিং দায়িত্ব থাকা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, অনুপস্থিত ভোটারদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।
বেলা ১টা ৩৫ মিনিটের দিকে হোয়াইক্যং ইউপির উনছিপ্রুং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফরিদুল আলমের নেতৃত্বে কয়েকজন যুবক ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা অভিযোগ করেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনীকাজে ব্যবহার করা মাইক্রোবাস ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুয়ার আহমদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদ বলেন, ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করা হলে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ রাখার পর পুনরায় চালু করা হয়।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নৌকার প্রার্থী কেন্দ্র পরিদর্শনে এসে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চালান।
জামায়াত-সমর্থিত প্রার্থী নুর আহমদ আনোয়ারী বলেন, ফরিদ সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থী। তিনি নিজে কেন্দ্রে ঢুকে তিন শতাধিকের মতো ব্যালট পেপারে সিল মেরেছেন।
বেলা আড়াইটার দিকে নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, প্রায় ৩০০ নারী লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়া জন্য। কিন্তু পুরুষের লাইনে কোনো ধরনের ভোটার না থাকায় গল্প করে সময় কাটাচ্ছেন পুরুষ বুথে থাকা কর্মকর্তারা।
ওই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, এ কেন্দ্রে ২ হাজার ২৩০ ভোটের মধ্যে এ পর্যন্ত ১ হাজার ৬৩১ ভোট পড়েছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, ভোটাররা উৎসবের আমেজ নিয়েই কেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, আনসার ও বিজিবির সদস্যরা তৎপর ছিলেন।
ইউপি নির্বাচনের সমন্বয়কারী ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ শফিউল আলম বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন।