শান্তিপূর্ণ ভোট, তবু অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে গতকাল বুধবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোয় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা লক্ষ করা গেলেও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সকাল সাড়ে নয়টায় নগরের জিলা স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান আলতাফ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী মইদুল ইসলাম নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন। তিনি ভোটারদের হুমকি দিয়ে তাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য বলেছেন। মঙ্গলবার রাতে ১০টি উপজেলা চেয়ারম্যান ও মেয়ররা একত্র হয়ে টাকা দিয়ে ভোট কিনেছেন। এ ছাড়া তিন সাংসদ বরিশালে অবস্থান করায় নির্বাচনের ওপর প্রভাব পড়েছে।
একই কেন্দ্রে সকাল ১০টায় ভোট পরিদর্শন করতে আসেন আওয়ামী লীগের প্রার্থী মইদুল ইসলাম। তিনি বলেন, ‘আলতাফ হোসেন মিথ্যাচার করেছেন। আমি কাউকে ভয়ভীতি কিংবা হুমকি দিইনি। সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি ৯০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হব।’
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। কেউ একজন অভিযোগ করলেই তো হবে না, তাঁকে প্রমাণ করতে হবে। সাংসদেরা আচরণবিধি লঙ্ঘন করেননি। তাঁরা নির্বাচনী এলাকার বাইরে অবস্থান করেছেন।