শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ কাল মঙ্গলবার। তবে রামচন্দ্রকুড়া ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আমানউল্লাহ ওরফে বাদশা এবং তাঁর চাচাতো ভাই বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম ওরফে খোকার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ লেগেই আছে। এ ঘটনায় ভোটাররা শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কায় আছেন।
পুলিশ, স্থানীয় ভোটার এবং দুই প্রার্থীর কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২ মার্চ কালাকুমা বাজারে নৌকার সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। ৭ মার্চ কালাকুমা বাজারে বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় নিয়োজিত কর্মীকে মারধরের ঘটনা ঘটে। সে সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা একজনকে ধরে পুলিশে দেন। ওই ঘটনায় মামলা করা হয়। ১৭ মার্চ মায়াঘাসি এলাকায় একই স্থানে বিদ্রোহী ও নৌকার প্রার্থী সভা ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ১৮ মার্চ সকালে নৌকার সমর্থকেরা চায়না মোড় এলাকায় বিদ্রোহী প্রার্থীর দুই কর্মীকে মারধর করেন। পরে দুই পক্ষ বৈশাখী বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। পরে বাজারে দুই পক্ষ অবস্থান নিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দুই পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। গত শনিবার রাতে বেলতৈল বাজারে নৌকার সমর্থকদের হামলায় আহত বিদ্রোহী প্রার্থীর তিন কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের একজনকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাতেই মামলা করা হয়।
গতকাল রোববার সরেজমিনে ইউনিয়নের সাত গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, একই পরিবারের দুই ভাই প্রার্থী হওয়ায় তাঁদের কর্মী-সমর্থকদের মাঝে ছোটখাটো বিষয় নিয়ে সংঘর্ষ লেগেই আছে। এভাবে চলতে থাকলে ভোটের দিন দুই পক্ষের রেষারেষিতে বড় ধরনের সংঘর্ষ হতে পারে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ফুলপুর, কেরেঙ্গাপাড়া, বান্দের বাজার, বেলতৈল, মণ্ডলিয়াপাড়া, কালাকুমা, বৈশাখী বাজার এলাকায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর লোকজন অবস্থান করছিলেন। নিরাপত্তা নিশ্চিত করতে বেলা একটার দিকে বৈশাখী বাজারে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবিকে টহল দিতে দেখা যায়।
ফুলপুর গ্রামের চা-বিক্রেতা মো. আনোয়ার হোসেন বলেন, ‘নির্বাচনের শুরু থাইকাই দুই পক্ষের গন্ডগুল লাইগাই রইছে। দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে কর্মীরা আরও বেপরুয়া হইয়া গেছে। এই ভাবে চললে ভোটের দিন বড় রহমের গন্ডগুল অইবো।’
বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অইলে ৮০ ভাগ ভোট আমি পামু। ভাই বিষয়ডা বুঝবার পাইয়া নানা ঘটনা ঘটাইয়া চলছে। আমার কর্মীরে মারপিট করছে। নির্বাচনে নৌকার প্রার্থী যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইতে পারে। নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচন চাই।’
আওয়ামী লীগের প্রার্থী মো. আমানউল্লাহ বাদশা বলেন, ‘বিদ্রোহী প্রার্থী এলাকায় কালোটাকা ছড়াচ্ছে। আমার কোনো নেতা-কর্মী তাঁদের কাউকে কোনো আঘাত করেনি। নির্বাচনের দিন আমার পক্ষ থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’
নির্বাচনী আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও মো. আবু সাঈদ মোল্লা বলেন, ‘রামচন্দ্রকুড়া ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ইতিমধ্যে পুলিশ ও বিজিবির একটি দল রয়েছে। ভোটের দিন শুধু ওই ইউনিয়নের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি কোনো সহিংস ঘটনা ঘটবে না।’