সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও ভোটাররা শান্তিপূর্ণ ভোটের অঙ্গীকার করেছেন। গতকাল শুক্রবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে এ অঙ্গীকার করেন তাঁরা। পূর্ব পাগলা ইউপির দামোধরতুপি বাজার মাঠে বিকেলে এ অনুষ্ঠান হয়। এতে সাতজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ছয়জন উপস্থিত ছিলেন। সুজনের সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী আবদুল হালিমের সঞ্চালনায় প্রার্থীরা বলেন, ইউপির সব প্রার্থীর মধ্যে আন্তরিক সম্পর্ক রয়েছে। তাঁরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চান। এ জন্য সংশ্লিষ্টদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তাঁরা। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রার্থী ফয়জুল করিম, বিএনপির প্রার্থী মো. আবু তাহের, স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম বেগ, আক্তার হোসেন, ছমির উদ্দিন ও আক্কাস খান অপু।