শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ছয়টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট হলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে শুধু নারী ভোটারের উপস্থিতি ছিল। দুপুরের পর থেকে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়তে দেখা যায়। গতকাল বুধবার গোলাপগঞ্জ, জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত প্রথম দফা তফসিল অনুযায়ী গতকাল জেলার বিশ্বনাথ, গোলাপগঞ্জ, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও জকিগঞ্জে ভোট গ্রহণ হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, ছয় উপজেলায় চেয়ারম্যান পদে ২৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার উপস্থিত কম হওয়া প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা সূত্র জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত ছয় উপজেলায় ২৫ শতাংশ ভোট পড়ে। দুপুরের পর থেকে ভোট প্রদানের হার বাড়ে। ছয় উপজেলায় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সকাল সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জের দাড়ীপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি একদম কম দেখা গেছে। রণকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১৭৫। দুপুর ১২টা পর্যন্ত এখানে ৬০০টির মতো ভোট পড়ে।

গোয়াইনঘাটে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর হাকিম চৌধুরী জানান, বেলা দুইটার পর ইসলামপুর ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টকে বের করে দেন আওয়ামী লীগ-সমর্থিত এজেন্টরা। ঘটনাটি তিনি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশের ভ্রাম্যমাণ দল ও বিজিবি টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাধন চন্দ্র দত্ত জানান, কেন্দ্রের বাইরে সামান্য গন্ডগোল হয়েছে। তবে ভোট গ্রহণ স্বাভাবিক ছিল।

জকিগঞ্জের হাজি তৈয়ব আলী দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে মুসাহিদ নামের এক তরুণ আটক হন। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মুকিত জানান, মুসাহিদকে স্ট্রাইকিং ফোর্সের কাছে হস্তান্তর করা হয়েছে। বেলা ১১টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের বাহুরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে আবদুর রহিম নামের জামায়াতের এক সমর্থককে আটক করে পুলিশ। দুপুর ১২টায় বিশ্বনাথের করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ১০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে।

ছয়টি উপজেলায় ১০২ জন পর্যবেক্ষক দিয়ে নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা এমএমসির সিলেট বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমান জানান, এ ভোট শান্তিপূর্ণ হবে—এটাই ছিল সবার প্রত্যাশা। সার্বিকভাবে এ প্রত্যাশা পূরণ হয়েছে।

জামালপুরেও শান্তিপূর্ণ ভোট: মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়ে যায়। জামালপুর সদর উপজেলার দিগপাইত, লক্ষ্মীরচর, তুলসীরচর, রানাগাছা ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে সরকারদলীয় নেতা-কর্মীরা জাল ভোট দেওয়ার চেষ্টা করলে বিজিবির স্ট্রাইকিং ফোর্স ও প্রশাসনের তৎপরতায় তা ব্যর্থ হয়। এখানে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী (সংরক্ষিত) ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন।