শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে একটি কেন্দ্রে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই নারী ভোটাররা ভোটকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। সকালের দিকে পুরুষ ভোটারের উপস্থিতি ছিল কিছুটা কম। দুপুরের পর পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে যায়।
শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে মোহাম্মদপুর ইউপির নন্দীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ৯ নম্বর ওয়ার্ডের দুজন সাধারণ সদস্য পদপ্রার্থীর সমর্থকের মধ্যে ভোট দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে পুলিশ শটগানের নয়টি ফাঁকা গুলি ছোড়ে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
পাঁচবিবির ইউএনও নুর উদ্দিন আল ফারুক মুঠোফোনে জানান, ভোট গ্রহণ শেষে কেন্দ্রের বাইরে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি ও সংঘর্ষের উপক্রম হলে পুলিশ ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে ৯টি ফাঁকা গুলি ছোড়ে। এতে পরিস্থিতি শান্ত হয়।
সকাল সাড়ে নয়টায় বালিঘাটা ইউপির কাঁশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক নারী ভোটার লাইনে দাঁড়িয়েছেন। ভোট দিতে আসা অঞ্জলী রানী তাঁর বয়োবৃদ্ধ শাশুড়ি মালতি রানীকে সঙ্গে নিয়ে এসেছেন। সকাল আটটায় ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়েও ভিড় বেশি থাকায় দেড় ঘণ্টা দাঁড়িয়েও ভোট দিতে পারেননি। সুলতানপুর গ্রামের বাবুলাল পাহান জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। কোথাও কেউ বাধা বা হুমকি দেননি।
বেলা ১১টায় আয়মা রসুলপুর ইউনিয়নের কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গিয়ে জানা গেছে, তিন ঘণ্টায় শতকরা ২০ ভাগ ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে নারীরা সংখ্যায় বেশি বলে জানালেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবার রহমান।
কুসুম্বা ইউপির শালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২টায় খোঁজ নিয়ে জানা গেছে, এ পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৫২ শতাংশ। ওই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৮৪ জন। প্রিসাইডিং কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাকার পাড়া গ্রামের ভোটার মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, ভোটের আগে তাঁর মনে হয়েছিল শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন কি না। কিন্তু কেন্দ্রে এসে তিনিসহ এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। কোনো সমস্যা ছিল না।
পাঁচবিবি উপজেলার আটটি ইউপিতে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৩১ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।