শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এখনো আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বিরোধী দলের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশের সাংবিধানিক অধিকার আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মহীউদ্দীন খান এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।৩ জুন বিরোধী দলের সাংসদ মওদুদ আহমদের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওই দিন মওদুদ আহমদ তাঁকে উদ্দেশ করে যেসব বক্তব্য দেন, এর জবাব দেওয়ার আগেই তিনি চলে যান। তাঁর অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও বিদ্বেষমূলক। মহীউদ্দীন খান বলেন, সরকার বিশেষ কোনো দল বা সংগঠনের শান্তিপূর্ণ সভা-সমাবেশ নিষিদ্ধ করেনি। তিনি বলেন, বিরোধী দল যদি শান্তিপূর্ণ সমাবেশ করার প্রতিশ্রুতি দেয়, তাহলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না। মহীউদ্দীন খান বলেন, ‘ইতিমধ্যে বিএনপি-জামায়াতসহ এদের সহযোগী সংগঠন যেসব সভা-সমাবেশ করেছে, তা থেকে জনশৃঙ্খলা বিনষ্ট হয়েছে। তাই জনশৃঙ্খলা রক্ষার্থে আমি রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধের বিষয়টি ব্যক্ত করি।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ৩ থেকে ৬ মে বিরোধী দল হেফাজতে ইসলামের সঙ্গে এক হয়ে রাজধানীর মতিঝিল এলাকায় দোকানপাটে লুট, একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, এমনকি কোরআন শরিফ পুড়িয়েছে। পরে তাদের ধ্বংসযজ্ঞের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় ও জনশৃঙ্খলা রক্ষার্থে আমি এই অভিপ্রায় ব্যক্ত করি। বিরোধী দল সভা-সমাবেশে দায়িত্বশীল আচরণের প্রতিশ্রুতি দিলে সভা-সমাবেশের অনুমতি না দেওয়ার অভিপ্রায় সরকারের নেই।’ তবে নাশকতা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানান তিনি। মওদুদ আহমদের উদ্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি যখন আইনমন্ত্রী ছিলেন, তখন ক্রসফায়ারের নামে দেশে শত শত মানুষ হত্যা করেছেন। পরে সেই হত্যার বিচার যাতে না হয়, সে জন্য আইন করে তা বৈধ করেছেন।’