শান্তিপূর্ণ হরতাল পালন
ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উচ্ছেদের অভিযোগ এনে এর প্রতিবাদে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গতকাল রোববার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: হরতালের পক্ষে-বিপক্ষে খণ্ড খণ্ড মিছিলে মুখরিত ছিল খুলনা নগর। খুলনা থেকে ট্রেন ও লঞ্চ গন্তব্যের উদ্দেশে সময়মতো ছেড়ে গেলেও দূরপাল্লার বাস, ট্রাক, নগর পরিবহন, অটোরিকশা, ইজি বাইক চলেনি। তবে রিকশা ও রিকশাভ্যান কোনো বাধা ছাড়াই চলাচল করেছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ভালো থাকলেও গ্রাহকের সংখ্যা ছিল অনেক কম। কুমিল্লা: জেলা বিএনপির দুই পক্ষ শহরে পৃথকভাবে পিকেটিং করেছে। সকাল থেকে দুপুর একটা পর্যন্ত শহরে সর্বাত্মক হরতাল পালিত হয়। এরপর শহরে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বেড়ে যায়। তবে দোকানপাট, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে হরতালের পক্ষে খণ্ড খণ্ড মিছিল বের হয়। দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি।পাবনা: পাবনায় ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। দুপুর একটা পর্যন্ত ভারী যানবাহন চলাচল এবং অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে শহরে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা হয়নি। তবে হরতালের বিরুদ্ধে যুবলীগ ও ছাত্রলীগ শহরে মিছিল করেছে। খাগড়াছড়ি: শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা। অফিস-আদালত ও ব্যাংকের কার্যক্রম ছিল স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলায় সন্দেহভাজন ১৬ জনকে আটক করা হয়। নাটোর: সকাল থেকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের প্রধান ফটকে পুলিশ মোতায়েন ছিল। মহাসড়কে বাস-ট্রাক চলেনি। দোকানপাট বন্ধ ছিল। তবে ব্যাংক ও সরকারি দপ্তরে কাজকর্ম হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক অভিযোগ করেন, পুলিশি বাধার মুখে নেতা-কর্মীরা রাস্তায় নামতে পারেনি।সাতক্ষীরা: বেলা ১১টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকলেও তারপর থেকে জেলার নয়টি রুটে কিছু যানবাহন চলাচল শুরু হয়। অফিস-আদালত, ব্যাংকসহ বিভিন্ন দপ্তরে কাজকর্ম স্বাভাবিক থাকলেও উপস্থিতি ছিল কম।নীলফামারী: দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও রিকশা ও মোটরসাইকেল চলাচল করেছে। ব্যাংক-বিমা, অফিস-আদালতে স্বাভাবিক কাজ চলেছে। সকালে বিএনপির কর্মীরা স্থানীয় কালীবাড়ি মোড়ে পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ জিল্লুর রহমান (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে। ফরিদপুর: ফরিদপুরে ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। শহরে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করেছে। দুপুর ১২টা পর্যন্ত কিছু দোকানপাট বন্ধ ছিল। জেলার বিভিন্ন অভ্যন্তরীণ রুটে কিছু বাস চলেছে। হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং হয়নি।