শান্তিপূর্ণ হরতালে বগুড়া চাঁপাইনবাবগঞ্জে উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া গতকাল রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এর মধ্যে বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের এবং রাজশাহীতে পুলিশের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। বগুড়ায় তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে।হরতাল-সমর্থকেরা খুলনা নগরে তিনটি ও বগুড়া শহরে একটি যানবাহন ভাঙচুর করেন। হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিভিন্ন স্থান থেকে গত শনিবার রাতে ১৬ জনকে এবং নাশকতা সৃষ্টি, আইনশৃঙ্খলা ভঙ্গ ও যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগে গতকাল ৪৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: সকাল ১০টার দিকে শহরের স্টেশন সড়কে যুবদলের একটি মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে সেউজগাড়ী বাজারসংলগ্ন তিনমাথায় হরতাল-সমর্থকেরা সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। প্রায় একই সময় শহরের চেলোপাড়া ব্রিজ-সংলগ্ন সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেন পিকেটাররা।দুপুর ১২টার দিকে স্বেচ্ছাসেবক লীগের একটি হরতালবিরোধী মিছিল বনানী থেকে সাতমাথায় যাচ্ছিল। পথে জলেশ্বরীতলা কালীমন্দির মোড়ে যুবদলের নেতা-কর্মীরা মিছিলটিকে ধাওয়া দেন। চলে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া। পরে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সাতমাথায় গিয়ে আশ্রয় নেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান অভিযোগ করেন, ধাওয়া দেওয়ার সময় জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়েন।যুবদলের নেতা সিপার আল বখতিয়ার বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে প্রথমে যুবদলের মিছিলকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে আমরা তাদের ধাওয়া দিই। কোনো গুলি ছোড়ার ঘটনা ঘটেনি।’ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সাতমাথা চত্বরে বিএনপির নেতাদের বেশ কিছু ডিজিটাল সাইনবোর্ড ভাঙচুর করেন। এ সময় জিলা স্কুল-সংলগ্ন খোকন পার্কের ফুল মার্কেট গলির সামনে পর পর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। হরতালবিরোধীরা ককটেল নিক্ষেপকারীদের ধাওয়া দিলে জিলা স্কুলের ভেতরে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।ঘটনাস্থলে দায়িত্বরত বগুড়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, গুলির ঘটনা তদন্ত করা হচ্ছে। সাতমাথা চত্বরে ককটেল নিক্ষেপকারীদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।চাঁপাইনবাবগঞ্জ: শহরের রাজারামপুর মোড়ে সকাল পৌনে নয়টার দিকে শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শিবিরের কর্মীরা এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়লে পুলিশ কমপক্ষে ১০টি রাবার বুলেট ছোড়ে। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের শিবতলায় গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন শিবিরের কর্মীরা। গুঁড়ি সরাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।রাজশাহী: সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী-গোদাগাড়ী সড়কের ডিঙ্গাডোবা এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। পরে পুলিশ এসে ধাওয়া দিলে ইট-পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যান তাঁরা। বেলা ১১টার দিকে নগরের বোসপাড়া পুলিশ ফাঁড়ির সামনে পিকেটিংয়ে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। নেতা-কর্মীরা পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে তাঁদের ধাওয়া দিয়ে সাতজনকে আটক করে পুলিশ।বরিশাল: সকাল সাতটায় জেলা বিএনপির কার্যালয় থেকে মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হলে পুলিশ লাঠিপেটা করে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের কার্যালয়ের মধ্যে অবরুদ্ধ করে রাখে। এ সময় বিএনপির এক কর্মীকে আটক করে পুলিশ। লাঠিপেটায় সাংসদ মজিবরসহ তিন নেতা-কর্মী আহত হন।খুলনা: সকাল থেকে পুলিশের তৎপরতার কারণে হরতাল-সমর্থকেরা তেমন একটা রাস্তায় নামতে পারেননি। সকাল সোয়া আটটার দিকে নগরের ময়লাপোঁতা মোড় থেকে হরতালের সমর্থনে মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকরুল আলমসহ ১০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। হরতাল-সমর্থকেরা নগরের রূপসা মোড়ে ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাস ও দুটি ইজিবাইক ভাঙচুর করেন।সিলেট: সকালে নগরের জিন্দাবাজার এলাকায় মহানগর ও জেলা বিএনপি দফায় দফায় মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ তাতে বাধা দিলে নেতা-কর্মীরা রাস্তায় অবস্থান নেন। পরে দুপুরের দিকে মহানগর বিএনপির উদ্যোগে কোর্ট পয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়।ব্রাহ্মণবাড়িয়া: সকাল সাতটার দিকে হরতাল-সমর্থকেরা কুমিল্লার ময়নামতি-ব্রাহ্মণবাড়িয়া সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে দুই পাশে কয়েক শ যান আটকা পড়ে। পুলিশ হরতালকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, যানবাহন ভাঙচুরের সময় জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতের দুই কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): বেলা সাড়ে ১১টার দিকে হরতালকারীরা ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের রশিদ মার্কেট থেকে একটি মিছিল বের করেন। অটোরিকশাস্ট্যান্ডের কাছে পৌঁছালে মিছিলকারীরা একটি মাইক্রোবাসের কাচ ভাঙচুর করেন। এ সময় উপজেলা যুবদলের সভাপতি মো. শাহজাহানকে আটক করে পুলিশ। ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. ইকতার মিয়া বলেন, গাড়ি ভাঙচুরের ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। হরতালের সময় গতকাল চাঁদপুর থেকে ১০ জন ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে হরতালে নাশকতার আশঙ্কায় শনিবার রাতে নীলফামারীর সৈয়দপুর থেকে জামায়াতের তিন নেতা, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ছয় কর্মী এবং গাজীপুর থেকে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।হিলি স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক: হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, গতকাল দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল। পণ্য খালাস করা ট্রাকগুলো বেলা ১১টার দিকে ভারতে ফিরে যায়। সাড়ে ১১টার দিকে বন্দর দিয়ে পুরোদমে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়। বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনন্ত কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সকাল থেকেই বন্দরের কাজ-কর্ম স্বাভাবিক রয়েছে।