পাবনা শহরের আবদুল হামিদ সড়কের প্রেসক্লাব মোড়। যাত্রীর অপেক্ষায় রিকশাচালক জালাল উদ্দিন। বাড়ি তাঁর জেলা সদরের শালগাড়িয়া মহল্লায়। পাবনা পৌরসভায় নির্বাচন হচ্ছে, এ নিয়ে কোনো উৎসাহ নেই তাঁর। এক কথায় বললেন, ‘মেলা প্রার্থী ভোট চাতেছে। গুলমাল না হলি ভোট দিবের যাবো।’
ঠিক একই প্রতিক্রিয়া পাবনার নির্বাচনমুখী পৌরসভাগুলোর সাধারণ ভোটারদের। দীর্ঘদিন পর ভোট হচ্ছে, তা-ও আবার দলীয় প্রতীকে। তাই পরিবেশ কেমন থাকবে, তা নিয়ে শঙ্কা অনেকের মনে। তবে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তাঁরা।
জেলার নয় পৌরসভার মধ্যে সাতটিতে নির্বাচন হচ্ছে। এগুলো হচ্ছে পাবনা (সদর), সুজানগর, চাটমোহর, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া ও ঈশ্বরদী। এসব পৌরসভায় ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ১৫ হাজার ৭৯৭ জন ভোটার। ফলে প্রার্থীরা তাঁদের নজর কাড়তে পোস্টার, ব্যানার, মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন। চলছে গ্রামে গ্রামে উঠান বৈঠক। ভোটারদের আশ্বস্ত করতে প্রার্থীরা ছুটছেন প্রতিশ্রুতির বুলি নিয়ে। তবে শেষ পর্যন্ত ভোটাররা ভোট দিতে যাবেন কি না, তা নির্ভর করছে পরিস্থিতির ওপর।
পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব-উল আলম বলেন, ‘শুদ্ধ গণতন্ত্র চর্চায় ভোটের বিকল্প নেই। তাই আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চাই। আর এই পরিবেশ ঠিক রাখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। প্রশাসন যদি নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করে, তবে পরিবেশ ভালো থাকবে বলে আমরা আশাবাদী।’
পাবনা জেলা জজ আদালতের আইনজীবী মুরশাদ সুবহানী বলেন, দীর্ঘদিন পর ভোট হচ্ছে। পরিবেশ ভালো থাকলে সবাই ভোট দিতে যাবে।
চাটমোহর পৌর এলাকার দোলবেদীতলা মহল্লার ব্যবসায়ী রনি রায় বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনী এলাকার পরিবেশ উৎসবমুখর রয়েছে। প্রার্থীরা শান্তিপূর্ণভাবেই প্রচারণা চালাচ্ছেন। যদি এই ধারা ঠিকঠাক থাকে, তবে আমরা ভোট দিতে যাব।’
দিনে দিনে ভোটারদের উৎসাহ বাড়ছে উল্লেখ করে ফরিদপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় মানুষ প্রথমে শঙ্কায় ছিল। উৎসাহ-উদ্দীপনা কম ছিল। এখন সবাই অপেক্ষায় আছে ভোটের দিনের পরিস্থিতি কী হয়। পরিস্থিতি ভালো থাকলে ভোট ভালো হবে।
সুজানগর পৌর সদরের বাসিন্দা ফরিদা বেগম বলেন, ‘আমরা নিরাপত্তা চাই। নিজিক নিরাপদ মনে করলি ভোট দিবের যাবো।’
পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, ভোটের দিনও পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তার কথা ভাবা হয়েছে। ভোটের দিনও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।