শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ওই সড়কে ট্রাক পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে এই অবরোধ আহ্বান করা হয়।
২৩ জানুয়ারি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বেতছড়ি এলাকায় দুর্বৃত্তরা দুটি পণ্যবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্র জানায়, অবরোধ কর্মসূচি উপলক্ষে সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত মানিকছড়ি, মহালছড়িসহ সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা অবস্থান নেন। অবরোধ চলাকালে এই সড়কপথে গাড়ি চলাচল বন্ধ ছিল। খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক ছাড়াও নানিয়াচর ও মহালছড়ি উপজেলায়ও কোনো যানবাহন চলাচল করেনি।
পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি মো. আলকাছ আল মামুন ভূঁইয়া বলেন, ‘পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙালি ছাত্র পরিষদ যৌথভাবে অবরোধ কর্মসূচি আহ্বান করেছে। পার্বত্যবাসী আমাদের কর্মসূচির সঙ্গে একমত ছিলেন। সে জন্য সড়কে কোনো যানবাহন চলাচল করেনি।’ তিনি বলেন, ট্রাক পোড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত ট্রাকের মালিক ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এই অবরোধ ডাকা হয়েছে। দাবি পূরণ না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে।
রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন বলেন, ‘অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আমাদের কোনো বাস চলতে পারেনি।’
কোতোয়ালি থানার ওসি মো. রশিদ বলেন, সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।