
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সাল ছাড়া আর কখনোই সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। প্রধানমন্ত্রী গতকাল সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের লেখা ‘বাংলাদেশ সরকার ১৯৭১-৭৫’ বই-এর প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী দারিদ্র্য নির্মূলের মাধ্যমে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি বিশ্বাস করি, যে জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, সে জাতি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়ে অবশ্যই একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়বে।’
জাতীয় অধ্যাপক এ এফ সালাহউদ্দিন আহমেদ এবং বইটির প্রকাশক হাক্কানী পাবলিসার্সের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফাও অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে সাংসদ আসাদুজ্জামান নূর সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করেন। তারানা হালিম বইটির কিছু অংশ পড়ে শোনান।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত তাঁর স্বল্পকালীন মেয়াদে অনেক কঠিন দায়িত্ব পালন করেছেন। একদিকে স্বাধীনতাবিরোধী শক্তি ও উগ্র বাম-ডানপন্থীদের মোকাবিলা করতে হয়েছে, অপরদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়িত হলে স্বাধীনতার পর বাংলাদেশ বিশ্বে একটি দৃষ্টান্ত হতো। আমাদের মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে উপমা হিসেবে দেখতে হতো না। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের মর্মান্তিক ঘটনার সৃষ্টি না হলে বাংলাদেশই বিশ্বে উদাহরণ হতে পারত।
প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ: সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সিলেটে আসছেন। সকাল ১০টায় সিলেটে পৌঁছে জালালাবাদ সেনানিবাসের আনুষ্ঠানিকতা সেরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ যাবেন। সেখানে ১৩ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে বিকেলে এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।