শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের আস্থাহীনতা ও অনুভূতি উপলব্ধি করে অবিলম্বে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ। অন্যথায় কোনো অসাংবিধানিক পরিস্থিতির সৃষ্টি হলে শাসক দলকে চরম মূল্য দিতে হবে বলে সরকারকে হুঁশিয়ার করে দেন তিনি।
গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় জাপার ইফতার ও দোয়া অনুষ্ঠানে কাজী জাফর আহমেদ এ আহ্বান ও হুঁশিয়ারি জানান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কাজী জাফর বলেন, ‘ক্ষমতার পালাবদল গণতন্ত্রের একটি স্বাভাবিক বিধিবিধান। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে দেশে রক্তবন্যা প্রবাহিত করবেন না। সংলাপের মাধ্যমে সমঝোতায় আসুন। সমঝোতা না হলে যেকোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে তখনকার দায়দায়িত্ব আপনাকে বহন করতে হবে।’ তিনি বলেন, গত সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই বাস্তবায়িত হয়নি। বরং দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, শেয়ারবাজার কেলেঙ্কারি, পদ্মা সেতু, হল-মার্ক, ডেসটিনি প্রভৃতি দুর্নীতি দানবীয় চেহারায় মানুষ আজ শাসক দলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।