শান্তিপূর্ণভাবে মতপার্থক্য দূর করাতেই গণতন্ত্রের শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুষমা স্বরাজ
সুষমা স্বরাজ

‘গণতন্ত্রের শক্তি নিহিত মতপার্থক্য মোকাবিলা ও শান্তিপূর্ণ উপায়ে তা নিরসনের মধ্যেই। গণতন্ত্রে সহিংসতার স্থান না থাকার সর্বজনীন মূল্যবোধের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। অনুরোধ পেলে এ ব্যাপারে আমাদের অভিজ্ঞতা ও অনুসৃত আদর্শ সানন্দে বিনিময় করব৷’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত বক্তৃতায় এ কথা বলেন।
সুষমা বলেন, একটি স্থিতিশীল, নিরাপদ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে ভারতের সমন্বিত ও ন্যায়সংগত অংশীদারি অপরিহার্য। এ ছাড়া তিস্তার পানি বণ্টন চুক্তি ও ’৭৪-এর সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নের মতো অমীমাংসিত বিষয় নিয়ে বাংলাদেশের উদ্বেগ দূর করতে ভারত সরকার অঙ্গীকারবদ্ধ।
‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: সহযোগিতার একটি রূপরেখা’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন সুষমা স্বরাজ। বিসের পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
সুষমা স্বরাজ গণতন্ত্র ও সুশাসন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি, গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি সহনশীলতার সংস্কৃতি, অংশগ্রহণ ও ভিন্নমতের বিকাশ প্রয়োজন।’
জানতে চাইলে অনুষ্ঠানে উপস্থিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, গণতন্ত্র প্রসঙ্গে সুষমার বক্তৃতার এই অংশ বেশ কৌতূহলোদ্দীপক। ৫ জানুয়ারির নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় বাংলাদেশের সুশাসনের ক্ষেত্রে যে সমস্যা চলছে, সেটি প্রতিফলিত হয়েছে। কংগ্রেস অতীতে যেভাবে আওয়ামী লীগ সরকারের সব প্রক্রিয়ায় সমর্থন জুগিয়েছে, বিজেপি সেভাবে সমর্থন না-ও দিতে পারে—এ রকম আভাসও পাওয়া যায় এ বক্তৃতায়৷
বিসের বক্তৃতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের এই অপরূপ দেশে এসেছিলাম ১৬ বছর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে সার্ক তথ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে। গত কয়েক বছরে লোকসভায় বিরোধীদলীয় নেতা ও সাংসদ হিসেবে বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সে পরিচয় ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।...ভারতের নতুন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছি। আমি এসেছি সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে৷ এসেছি আমাদের অংশীদারির সম্ভাবনা বিপুল, এ বিশ্বাস নিয়ে৷ আমাদের দুই দেশের জনগণ আরও ঘনিষ্ঠ সম্পর্ক ও সুনির্দিষ্ট ফলাফল আশা করে এবং তাঁরা সেটা পাওয়ার যোগ্য বলে আমি বিশ্বাস করি।’
আন্তসীমান্ত সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাস দমনে বাংলাদেশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সুষমা স্বরাজ বলেন, এ ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সহযোগিতা যে কারও জন্য দৃষ্টান্ত হতে পারে। দীর্ঘস্থায়ী, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিদ্যমান এ সহযোগিতা অব্যাহত রেখে তা আরও জোরদার করতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আকাঙ্ক্ষা, ভারত ও বাংলাদেশের উচিত সমান অংশীদার হিসেবে বিকশিত হওয়া৷ আমরা শুধু অতীত নয়, ভবিষ্যৎও একে অন্যের সঙ্গে ভাগাভাগি করতে চাই। এ অঞ্চলের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আমরা স্বপ্ন দেখি৷ জনগণ তাদের জীবনে পরিবর্তন আনতে আমাদের নির্বাচিত করেছে। তাদের সে রায় পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রথম সফরকে ফলপ্রসূ অভিহিত করেন সুষমা স্বরাজ। তিনি বলেন, ‘বাংলাদেশের নেতাদের সঙ্গে আলোচনায় লক্ষ করেছি, ভারতের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে তাঁরা যথেষ্ট আগ্রহী। আমি খুব মনোযোগ দিয়ে তাঁদের কথা শুনেছি এবং নিজেদের পরিকল্পনা ও অগ্রাধিকার নিয়ে কথা বলেছি। দুদেশের সম্পর্কের ব্যাপারে আমি আশাবাদী। গত কয়েক বছরে আমাদের সম্পর্ক যে মাত্রায় পৌঁছেছে তা শুধু অব্যাহতই থাকবে না, এর ওপর ভিত্তি করে সম্পর্ক জোরদার হবে বলে আমি আশা করি৷’
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে একসময় দায়িত্ব পালনকারী ঢাকার এক কূটনীতিক মনে করেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে সাধারণ জনগণের সংবেদনশীলতাকে ভারত যে উপেক্ষা করে না, সেটি সুষমা স্বরাজের বক্তৃতায় প্রতিফলিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক প্রথম আলোকে বলেন, ‘জনসমক্ষে বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে প্রকারান্তরে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিরই প্রকাশ ঘটালেন তিনি। মজার বিষয় হচ্ছে, একই দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সুষমা স্বরাজের কোনো আলোচনা হয়নি। এখন অপেক্ষায় থাকতে হবে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সুষমা স্বরাজ যা বললেন, তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কীভাবে প্রতিফলিত হয়।