২৩ পরীক্ষার্থী বহিষ্কৃত, অনুপস্থিত সাড়ে ছয় হাজার
শান্তিপূর্ণভাবে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু
মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে সাড়ে ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ২৩ পরীক্ষার্থীকে। নকলে সহায়তা করার অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। অন্যজনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে মাদ্রাসার ছয়জন ভুয়া শিক্ষার্থী। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক, মাদ্রাসা বোর্ডের অধীনে সমমানের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ছিল বাংলা পরীক্ষা। এ বছর কেবল মাধ্যমিকে নয় লাখ ৯১ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে দুই হাজার ৮৩৬ জন প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়নি। বহিষ্কৃত হয়েছে নয়জন। দাখিল পরীক্ষার্থী ছিল দুই লাখ ৩৯ হাজার ৭১১। পরীক্ষায় অনুপস্থিত ছিল তিন হাজার ৩৬৭ জন। বহিষ্কৃত হয়েছে নয়জন। এসএসসি ভোকেশনালে ৮৩ হাজার ৪৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮০ জন অনুপস্থিত ছিল। বহিষ্কৃত হয়েছে পাঁচজন।আটটি সাধারণ বোর্ডে বহিষ্কৃতদের মধ্যে ঢাকা ও দিনাজপুর বোর্ডে তিনজন করে এবং রাজশাহী, বরিশাল ও যশোর শিক্ষা বোর্ডে একজন করে শিক্ষার্থী রয়েছে। সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডে কেউ বহিষ্কৃত হয়নি।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয় ও লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন ‘সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। শেষ পর্যন্ত এটি অব্যাহত রাখা হবে।’ এ সময় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, চৌহালীতে একজনের পরিবর্তে অন্যজন পরীক্ষায় অংশ নিতে এসে ধরা পড়েছে ছয় ভুয়া পরীক্ষার্থী। চৌহালী উপজেলার খাসকাউলিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসার কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া তাদের বহিষ্কার করেন। প্রবেশপত্রের ছবির সঙ্গে তাদের কোনো মিল ছিল না।পিরোজপুর প্রতিনিধি জানান, জেলার নাজিরপুর উপজেলায় একটি কেন্দ্রে পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার অভিযোগে কেন্দ্র সচিবসহ দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শহরের হাশেমিয়া আলেয়া মাদ্রাসা কেন্দ্রে ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার ৭০ জন ছাত্রীর মধ্যে ৩৪ জন অনুপস্থিত ছিল। পরে জানা যায়, তাদের সবার নিবন্ধন ভুয়া ছিল। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, এসব ছাত্রী ভুয়া বলে প্রশাসন নিশ্চিত হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ভুয়া রেজিস্ট্রেশন করে তাদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে মাদ্রাসার অধ্যক্ষ জাফর উল্লাহ নুরী বলেন, ৩৪ ছাত্রীর ব্যাপারে তিনি কিছুই জানেন না। বোর্ডের ভুলের কারণে এমনটি হতে পারে। তাঁর মাদ্রাসা থেকে ৩৬ ছাত্রী পরীক্ষা দিচ্ছে।